ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা প্রতিষ্টা হয় ১৮৬৮ সালে। ১৫৮ বছরের প্রাচীনতম প্রথম শ্রেনীর পৌরসভা। প্রথম শ্রেণীর পৌরসভা হলেও সড়ক সংস্কারের বেলায় উন্নয়ন মূলক কাজ তেমন দৃশ্যমান দেখা যায় না। পৌরসভায় চলাচলের প্রায় সড়কই বেহাল অবস্থা। এরই মাঝে পৌরসভার ৯নং ওয়ার্ডে অবস্থিত “মৌড়াইল দাতিয়ারা সংযোগ সড়ক”টি প্রায় দুই যুগেও সংস্কার না হওয়ায় এই সড়কে চলাচলকারী স্থানীয় বাসিন্দাদের মাঝে ক্ষোভের সৃষ্টি হচ্ছে।
গত শুক্রবার থেকে সোমবার পর্যন্ত সরেজমিনে পৌরসভার ৯নং ওয়ার্ড দক্ষিণ মৌড়াইলে অবস্থিত ঢাকা-কুমিল্লা আঞ্চলিক সড়ক থেকে ব্রাহ্মণবাড়িয়া জাদুঘর হয়ে দাতিয়ারা চৌরাস্তা মোড় পর্যন্ত এক কিলোমিটার “মৌড়াইল দাতিয়ারা সংযোগ সড়ক” এই সড়কটি কঙ্কালসার অবস্থায় রয়েছে। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় কাঁদামাটির আবরণ ছাড়া ইটের অস্তিত্ব দেখা যাচ্ছেনা। এই সড়কের আশপাশের বাড়িঘরের সাধারণ মানুষজন এখন আর সড়কের কাজ হবে এই আশাও ছেড়ে দিয়েছে। স্থানীয় বাসিন্দা ও এই সড়কে চলাচলকারী স্কুল শিক্ষার্থী ও পথচারী কয়েকজনের সাথে কথা হলে তারা ক্ষোভ দেখায়।
স্থানীয় জামান হোসেন ক্ষোভ প্রকাশ করে বলেন, দীর্ঘ ২৫-৩০ বছর ধরে সড়কে কোন কাজ হয়নি। আশপাশের লোকজন যারাই ঘরবাড়ি করে তারাই মাটি ও ইটের কনক্রিট ফেলে সড়কটি উঁচু করেছে অথচ কোন সরকার সড়কটির দিকে নজর দেয় না।
স্থানীয় বাসিন্দা প্রবাস ফেরত মোঃ এলাহি বলেন, আমারা ২০ বছর ধরেই দেখছি পৌরসভার লোকজন এসে মাপামাপি করে কিন্তু কাজ করেনা। বর্তমান এমপি খালেদ হোসেন শ্যামল এই ওয়ার্ডের তিনি যদি এই রাস্তাটি নিয়ে একটু পরিকল্পনা নেয় আমাদের জন্য ভালো হবে।
স্থানীয় মৌড়াইল এলাকার বাসিন্দা শিক্ষক মোঃ উয়াকিল আহম্মেদ বলেন, দীর্ঘ ২০বছর ধরে কাজ হয়নি সড়কটি। অল্প বৃষ্টি হলেই পানি জমে যায়। তখন খুবই কষ্ট হয়। তিনি সড়কটি যেন দ্রুত চলাচলের উপযোগী করে দেয় উর্ধতন কর্মকর্তারা।
পাশেই বিয়াম ল্যাবরেটরি স্কুল। সেই স্কুলের শিক্ষার্থী বলেন, সড়কটির কাজ হয়না দীর্ঘদিন বৃষ্টি হলেই কষ্ট হয় তখন স্কুল বন্ধ করে ঘরে থাকতে হয়।
স্থানীয় বাসিন্দা মোঃ মাসুদ রানা বলেন, দীর্ঘ ২৫ বছর ধরে এই সড়কে একটি ইটের কণাও লাগানো হয়নি। এই সড়ক দিয়ে কোর্ট, রেল স্টেশন, পাশেই ব্রাহ্মণবাড়িয়া যাদুঘর। এই সড়ক দিয়ে ডিসি, এসপি সকলেই এসেছি অথচ কেউ সড়কটি হওয়ার জন্য নজর দেয়নি। একটু বৃষ্টি হলেই হাটু পানি হয়ে যায়। তিনি প্রশাসনের কাছে দ্রুত সড়কটি হওয়ার জন্য আবেদন করেন।
৯নং ওয়ার্ডের সাবেক কমিশনার মোঃ ফারুক মিয়া বলেন, ২০০৪ সালে একবার কাজ হয়েছিল পরে দীর্ঘ ১৯ বছর পাড় হলেও এই রাস্তাটি আর সংস্কার হয়নি। এই সড়কে ব্যবহারকারী পথচারীরা খুবই কষ্ট করতেছে। তিনি পৌরসভার কাছে দ্রুত সড়কটি মেরামতের আবেদন জানান।
ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ কাউছার আহমেদ পৌরসভার ভিতরে এই সড়কটি
দীর্ঘদিন সংস্কার হচ্ছেনা স্বীকার করে বলেন, মেইন রোড থেকে জাদুঘর হয়ে দাতিয়ারা চাররাস্তা মোড় পর্যন্ত আরসিসি ঢালাইয়ের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলার বিদ্যমান পৌরসভা সমূহের উন্নয়ন প্রকল্পে কাজটি সাবমিট করা হয়েছে। অনুমোদন পেলেই আমরা টেন্ডার দিবো।
