যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ওয়েস স্ট্রিটিং ইসরায়েলকে একটি “উচ্ছৃঙ্খল রাষ্ট্র” হিসেবে বর্ণনা করেছেন এবং গাজা উপত্যকায় দেশটির কর্মকাণ্ডকে “যুদ্ধাপরাধ” বলে অভিহিত করেছেন। সম্প্রতি ফাঁস হওয়া কিছু ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ বার্তায় তাঁর এই কঠোর অবস্থান সামনে এসেছে, যা ব্রিটিশ সরকারের ভেতরে ইসরায়েল ইস্যুতে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।
লেবার পার্টির প্রভাবশালী নেতা এবং প্রবীণ রাজনীতিক পিটার ম্যান্ডেলসনের সাথে আদান-প্রদান করা এসব বার্তা স্ট্রিটিং নিজেই প্রকাশ করেছেন। মূলত ম্যান্ডেলসনের সাথে তাঁর সম্পর্কের ধরন নিয়ে ওঠা বিভিন্ন গুঞ্জন বন্ধ করতেই তিনি এই পদক্ষেপ নেন।
বার্তায় যা বলা হয়েছে
ফাঁস হওয়া মেসেজগুলোতে ওয়েস স্ট্রিটিং লিখেছেন, “আমাদের চোখের সামনে ইসরায়েল যুদ্ধাপরাধ করছে।” তিনি আরও বলেন, ইসরায়েলি সরকার “জাতিগত নিধনের ভাষা” ব্যবহার করছে। গাজায় কাজ করে আসা ব্রিটিশ চিকিৎসকদের কাছ থেকে শোনা অভিজ্ঞতার বর্ণনা দিয়ে তিনি জানান, সেখানে নারী ও শিশুদের ওপর যে ধরনের নৃশংসতা চালানো হচ্ছে তা অত্যন্ত ভয়াবহ।
স্ট্রিটিং ইসরায়েলকে একটি “পারায়া” বা অস্পৃশ্য রাষ্ট্র হিসেবে উল্লেখ করে বলেন, দেশটির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা উচিত। তিনি সতর্ক করে বলেন যে, ফিলিস্তিন ইস্যুতে লেবার পার্টির অবস্থান যদি কঠোর না হয়, তবে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এবং সরকারের ভাবমূর্তির ব্যাপক ক্ষতি হতে পারে।
এই বার্তাগুলো সামনে আসার পর অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ইউকে-এর পক্ষ থেকে বলা হয়েছে, স্ট্রিটিংয়ের মন্তব্য মাঠপর্যায়ের বাস্তবতাকে প্রতিফলিত করে। সংস্থাটির ক্রাইসিস রেসপন্স ম্যানেজার ক্রিশ্চিয়ান বেনেডিক্ট বলেন, “ওয়েস স্ট্রিটিং ঠিকই বলেছেন যে ইসরায়েল ফিলিস্তিনিদের বিরুদ্ধে যুদ্ধাপরাধ করছে। এটি দুর্ভাগ্যজনক যে জাতিসংঘ ও মানবাধিকার সংস্থাগুলোর অকাট্য প্রমাণ থাকা সত্ত্বেও ব্রিটিশ সরকার ইসরায়েলের সাথে স্বাভাবিক সম্পর্ক বজায় রাখছে।”
যদিও ওয়েস স্ট্রিটিং অতীতে ‘লেবার ফ্রেন্ডস অফ ইসরায়েল’-এর মতো গোষ্ঠীর কাছ থেকে অনুদান নিয়েছেন এবং ইসরায়েল সফর করেছেন, তবে সাম্প্রতিক সময়ে তিনি ইসরায়েলি বসতি স্থাপন এবং ফিলিস্তিনিদের মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন।
গাজায় ইসরায়েলি হামলায় এ পর্যন্ত ৭২,০০০-এর বেশি মানুষ নিহত হয়েছেন বলে ফিলিস্তিনি কর্মকর্তারা জানিয়েছেন। এই পরিস্থিতিতে ব্রিটিশ সরকারের অভ্যন্তরে এমন প্রভাবশালী মন্ত্রীর ব্যক্তিগত মন্তব্য আন্তর্জাতিক মহলে বেশ গুরুত্বের সাথে দেখা হচ্ছে
