বাংলাদেশ ▣ ই-পেপার
সোমবার, ৫ অক্টোবর ২০২৬

ঢাকায় আজ ১১ ঘণ্টা কারফিউ শিথিল, ৬ ঘণ্টা চলবে অফিস

July 28, 2024 Ibrahim Khan Sadat 0 মন্তব্য 13 বার পঠিত

কোটা সংস্কার আন্দোলন ঘিরে জারি করা কারফিউ আরও কিছুটা শিথিল করা হয়েছে। রাজধানী ঢাকায় আজ রবিবার (২৮ জুলাই) ১১ ঘণ্টা শিথিল থাকবে কারফিউ। এদিন সকাল ৭টা থেকে বিকেল ৬টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। এছাড়া সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত অফিস চলবে।

একই সঙ্গে ঢাকার পার্শ্ববর্তী জেলা নারায়ণগঞ্জ ও গাজীপুরেও আজ ১১ ঘণ্টা কারফিউ শিথিল থাকবে। পরবর্তী দুদিন অর্থাৎ সোমবার ও মঙ্গলবারও এ তিন জেলায় সকাল ৭টা থেকে বিকেল ৬টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। পাশাপাশি এ তিনদিন বিকেল ৬টা থেকে সকাল ৭টা পর্যন্ত চলমান কারফিউ বলবৎ থাকবে।

শনিবার (২৭ জুলাই) রাত ১১টার দিকে রাজধানীর ধানমন্ডিতে নিজ বাসভবনে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

তিনি বলেন, ‌‘রবিবার, সোমবার ও মঙ্গলবার ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে কারফিউ চলবে। তবে সকাল ৭টা থেকে বিকেল ৬টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। এছাড়া বাকি জেলাগুলোর কারফিউয়ের বিষয়ে সিদ্ধান্ত নেবে জেলা প্রশাসন।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যেহেতু পরিস্থিতির ধীরে ধীরে উন্নতি হচ্ছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালোর দিকে যাচ্ছে। সে জন্য আমরা আমাদের যে সান্ধ্য আইন, যাকে কারফিউ বলা হয়, সেটি আরেকটু শিথিল করতে চাচ্ছি। খুব শিগগির চেষ্টা করবো কারফিউ আরও শিথিল করতে।’

এছাড়া শনিবার জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন জানান, আজ রবিবার থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত অফিস চলবে।

কোটা সংস্কার আন্দোলন ঘিরে রাজধানীসহ সারাদেশে তাণ্ডব শুরু হলে শুক্রবার (১৯ জুলাই) দিনগত রাত ১২টা থেকে রবিবার (২১ জুলাই) সকাল ১০টা পর্যন্ত কারফিউ জারি করে সরকার। এরপর অনির্দিষ্টকালের জন্য কারফিউ বাড়ানো হয়। যদিও প্রতিদিনই কয়েক ঘণ্টার জন্য কারফিউ শিথিল করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুনআপনার পছন্দের মাধ্যমে পাঠিয়ে দিন
Facebook X WhatsApp Telegram
পাঠকের মতামত

মন্তব্য করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *