মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় আলোচনা সভা ও গণসংগীত অনুষ্ঠান

স্টাফ রিপোর্টার,ব্রাহ্মণবাড়িয়া
মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় আলোচনা সভা ও গণসংগীত অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে ভাসানী চর্চা কেন্দ্রের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন জাতীয় কমিটির আহবায়ক এ.এস.এম কামাল উদ্দিন।
ভাসানী চর্চা কেন্দ্র,ব্রাহ্মণবাড়িয়ার সংগঠক অ্যাডভোকেট আবদুন নূরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন মওলানা আবদুল হামিদ খান ভাসানী পরিষদের সাধারণ সম্পাদক ডাঃ হারুন অর রশীদ এবং ঢাকার বিবর্তন সাংস্কৃতিক কেন্দ্রের সাবেক সাধারণ সম্পাদক মফিজুর রহমান লিটু।
বিদ্যুৎ রায় বর্মনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অ্যাডভোকেট সৈয়দ মোহাম্মদ জামাল, বীর মুক্তিযোদ্ধা মতিলাল বনিক, জহিরুল ইসলাম চৌধুরী, ইয়াকুব আলী, শামীমা সিকদার দীনা প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, “মওলানা ভাসানীর আদর্শ ও রাজনৈতিক দর্শন নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। তাঁর জীবন ও সংগ্রামের ইতিহাস মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দিতে হবে। অথচ দেশের ইতিহাসে এই মহান নেতার অবদান যথাযথভাবে তুলে ধরা হয়নি। ইতিহাসে ভাসানীকে প্রাপ্য মর্যাদায় প্রতিষ্ঠিত না করায় ক্ষোভ প্রকাশ করেন বক্তারা।
তাঁরা বলেন, ভাসানী ছিলেন শোষিত, বঞ্চিত ও নিপীড়িত মানুষের অধিকার আদায়ের নেতা। কৃষক-শ্রমিক ও মেহনতি মানুষের মুক্তির জন্য তিনি আজীবন সংগ্রাম করে গেছেন । তাঁর আদর্শ ও রাজনৈতিক দর্শন বর্তমান প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে হলে শুধু স্মরণসভা আয়োজন করলেই হবে না, মানুষের কাছে তাঁর জীবন ও কর্মের ইতিহাস পৌঁছে দিতে হবে। ভাসানীর আদর্শ ধারণ করে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় সবাইকে ভূমিকা রাখতে হবে। বক্তারা অন্তবর্তী সরকারের আমলে করা দেশ বিরোধী চুক্তি বাতিলের দাবি জানান।
আলোচনা সভায় জানানো হয়, মওলানা আবদুল হামিদ খান ভাসানী ১৮৮০ সালের ১২ ডিসেম্বর সিরাজগঞ্জের ধনপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন।
১৯১৯ সালে ব্রিটিশবিরোধী অসহযোগ ও খেলাফত আন্দোলনে যোগ দেওয়ার মধ্য দিয়ে তাঁর রাজনৈতিক জীবনের সূচনা হয়। পরবর্তী সময়ে আসাম ও বাংলার কৃষকদের অধিকার প্রতিষ্ঠায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। কৃষক-শ্রমিক ও সাধারণ মানুষের অধিকার আদায়ে আন্দোলন-সংগ্রামের কারণে তিনি মজলুম জননেতা হিসেবে পরিচিতি লাভ করেন।
বক্তারা জানান, ১৯৪৯ সালের ২৩ জুন পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠিত হলে তিনি দলটির প্রথম সভাপতি নির্বাচিত হন। ১৯৫২ সালের ভাষা আন্দোলনে সমর্থন জানানোর পাশাপাশি রাষ্ট্রভাষা বাংলার দাবিতে সোচ্চার ছিলেন। ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট গঠন ও নির্বাচনে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। ১৯৫৭ সালে কাগমারী সম্মেলনকে কেন্দ্র করে রাজনৈতিক মতবিরোধের পর তিনি ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) গঠন করেন।
বক্তারা বলেন, ‘পাকিস্তানি শাসনামলে সামরিক শাসন বিরোধী আন্দোলন, গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা এবং শোষণ-বৈষম্যের বিরুদ্ধে তিনি সোচ্চার ছিলেন। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় তিনি ভারতে অবস্থান করেন। স্বাধীনতার পরও দেশের মানুষের অধিকার ও স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সোচ্চার ছিলেন। জীবনের শেষ পর্যায়েও জনস্বার্থের আন্দোলনে সক্রিয় ছিলেন ভাসানী। ১৯৭৬ সালের ১৬ মে ফারাক্কা বাঁধের প্রতিবাদে ঐতিহাসিক ফারাক্কা লং মার্চে নেতৃত্ব দেন তিনি। আলোচনা সভা শেষে গণসংগীত অনুষ্ঠিত হয়।



মন্তব্য করুন