ব্রাহ্মণবাড়িয়ায় শিশুদের কন্ঠে রবীন্দ্র-নজরুল শীর্ষক আবৃত্তি অনুষ্ঠান

স্টাফ রিপোর্টার,ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস আবৃত্তি সংগঠনের আয়োজনে “শিশুদের কন্ঠে রবীন্দ্র-নজরুল” শীর্ষক আবৃত্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১১ টায় শহরের ফুলবাড়িয়ায় সংগঠনের অস্থায়ী কার্যালয় চত্বরে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
তিতাস আবৃত্তি সংগঠনের সহকারী পরিচালক উত্তম কুমার দাসের সভাপতিত্বে ও সংগঠক আনিসুর রহমান ও ফাহিমা সুলতানার সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন সহকারী পরিচালক সুজন সরকার। অতিথি হিসেবে বক্তব্য রাখেন উন্নয়ন সংগঠক ও সংস্কৃতিসেবী তাপসী রায়, রক্তদান সংগঠন বাঁধন সভাপতি ইশরাক জাহান, আবৃত্তিশিল্পী তাসফিয়া ইসলাম, অভিভাবক সদস্য প্রিয়ং খন্দকার ও অনুষ্ঠানের নির্দেশক ফারদিয়া আশরাফি নাওমী।
আবৃত্তি অনুষ্ঠানটি উৎসর্গ করা হয় সদ্য প্রয়াত আবৃত্তিশিল্পী ও প্রশিক্ষক অধ্যাপক জামিল ফোরকানকে। তাকে শ্রদ্ধা নিবেদন করে ১মিনিট নীরবতা পালন করা হয়। এরপর জাতীয় কবি কাজী নজরুল ইসলামের “প্রভাতি” কবিতার সমবেত আবৃত্তির মাধ্যমে শিশু শিল্পীরা তাদের পরিবেশনা করেন। একক আবৃত্তি করেন নাফিসা আক্তার, ইকরা আক্তার নাবা, নাদিমা আবদীন শিফা, ফারিযা রানা, ফারিয়া আক্তার, আফসানা মারিয়া, ঝুম বিশ্বাস, প্রিয়ন্তী রশিদ প্রথা,বিনায়ক নীলাদ্রি।
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের “অন্তর মম” কবিতার সমবেত আবৃত্তির মধ্য দিয়ে অনুষ্ঠানেন সমাপ্তি ঘটে।
রবীন্দ্র-নজরুল আবৃত্তি অনুষ্ঠানের নির্দেশক ফারদিয়া আশরাফি নাওমী জানান, আজকের আয়োজনে আমাদের একদল শিশু আমাদের প্রিয় কবি রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের কবিতা উচ্চারণের মাধ্যমে আবৃত্তির পথে নতুন করে যাত্রা শুরু করে। রবীন্দ্র-নজরুল ধারণ করে তারা বাঙালির অপরিহার্য কবিদের কবিতার সাথে পরিচিত হবে,আবৃত্তি করবে। আমরা ধীরে ধীরে সেই প্রচেষ্টা চালিয়ে যাবো।



মন্তব্য করুন