বিশ্বকাপ জয়ের সামর্থ্য হারিয়েছে ব্রাজিল, মনে করেন রোনালদো

পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের এখন আর বিশ্বকাপ জয়ের সামর্থ্য নেই বলে মনে করেন দেশটির ফুটবল কিংবদন্তি রোনালদো নাজারিও। তার মতে, নিজেদের চিরচেনা ফুটবলীয় পরিচয় হারিয়ে ফেলেছে ব্রাজিল।
পাশাপাশি বর্তমান দলে নেই প্রয়োজনীয় ঐক্য ও দলীয় সংহতি।
একসময় ফুটবলীয় সৌন্দর্য, দুর্দান্ত ড্রিবলিং, ব্যক্তিগত নৈপুণ্য আর চোখধাঁধানো গোলের জন্য বিশ্বজুড়ে আলাদা পরিচিতি ছিল ব্রাজিলের।
পেলে, গারিঞ্চা ও জিকো থেকে শুরু করে রোমারিও, রোনালদিনহো ও রোনালদো, প্রজন্মের পর প্রজন্ম ব্রাজিলিয়ান তারকারা মুগ্ধ করেছেন ফুটবলপ্রেমীদের। সাম্প্রতিক সময়ে নেইমারও সেই ঐতিহ্য ধরে রেখেছিলেন।
তবে রোনালদোর মতে, সময়ের সঙ্গে নিজেদের সেই স্বকীয়তা থেকে অনেকটাই সরে এসেছে ব্রাজিল। ইউরোপীয় ফুটবলের অনুকরণ করতে গিয়ে হারিয়ে ফেলছে সহজাত সৃজনশীলতা ও আক্রমণাত্মক ফুটবলের বৈশিষ্ট্য।
‘আমার মনে হয়, আমরা ইউরোপীয় খেলোয়াড়দের অনুকরণ করছি। আগে নিজেদের প্রতিভার ওপর আমাদের অনেক বেশি আত্মবিশ্বাস ছিল। কিন্তু এখন ইউরোপীয়রা আরও শক্তিশালী, দ্রুতগতির, গোছানো এবং ভালো ফুটবল খেলছে,’ বলেন রোনালদো।
১৯৫৮ থেকে ২০০২ সাল পর্যন্ত পাঁচবার বিশ্বকাপ জিতেছে ব্রাজিল। টেকনিক্যাল দক্ষতা ও আক্রমণাত্মক ফুটবলের সৌন্দর্য দিয়ে অন্য দলগুলোর চেয়ে নিজেদের আলাদা করেছিল তারা। কিন্তু রোনালদোর মতে, বর্তমান প্রজন্ম শারীরিক সক্ষমতা, কৌশলগত শৃঙ্খলা ও সামগ্রিক পারফরম্যান্সে ইউরোপের শীর্ষ দলগুলোর সঙ্গে পেরে উঠছে না।
শুধু খেলার ধরন নয়, দলের অভ্যন্তরীণ ঐক্য নিয়েও উদ্বেগ রয়েছে সাবেক এই স্ট্রাইকারের। তার মতে, আর্জেন্টিনার লড়াকু মানসিকতা ও দলীয় সংহতি থেকে শিক্ষা নেওয়া উচিত ব্রাজিলের।
ব্যক্তিগতভাবে বিশ্বমানের বেশ কয়েকজন খেলোয়াড় থাকলেও তাদের প্রতিভাকে দলীয় সাফল্যে রূপ দিতে পারছে না ব্রাজিল। দল হিসেবে ধারাবাহিকতা ও আধিপত্য প্রতিষ্ঠায় ঘাটতি রয়েছে বলে মনে করেন রোনালদো।
বিশ্বকাপ জয়ের সম্ভাবনা নিয়ে নিজের মূল্যায়নে কোনো রাখঢাক রাখেননি তিনি।
‘ব্রাজিল বিশ্বকাপ জেতার মতো শক্তিশালী নয়। আমাদের দল যথেষ্ট শক্তিশালী নয়, আমরা ঐক্যবদ্ধও নই,’ বলেন রোনালদো।
তার এই মন্তব্যে ব্রাজিলিয়ান ফুটবলের ভবিষ্যৎ পথচলা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। ২০৩০ বিশ্বকাপ সামনে রেখে আধুনিক ফুটবলের শারীরিক সক্ষমতা ও কৌশলগত শৃঙ্খলার সঙ্গে নিজেদের ঐতিহ্যবাহী সৃজনশীলতা ও সহজাত নৈপুণ্যের সমন্বয় ঘটানোই এখন ব্রাজিলের বড় চ্যালেঞ্জ।
ফুটবলীয় সৌন্দর্য ও শিরোপা জয়ের গৌরব দিয়ে যে দেশ বিশ্বজুড়ে আলাদা পরিচিতি পেয়েছে, তাদের জন্য নিজেদের স্বকীয়তা ফিরে পাওয়াও নতুন বিশ্বকাপ জয়ের মতোই গুরুত্বপূর্ণ।



মন্তব্য করুন