আগরতলা থেকে জাহাঙ্গীর কবির নানকের বাংলাদেশে প্রবেশের খবরে ব্রাহ্মণবাড়িয়া সীমান্তবর্তী এলাকায় সতর্ক অবস্থানে বিএনপির নেতা-কর্মীরা, সরেজমিনে পরিদর্শন করলেন সিরাজুল ইসলাম

স্টাফ রিপোর্টার,ব্রাহ্মণবাড়িয়া
ভারতে অবস্থানরত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে অবতরণ করে সেখান থেকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের খবরে ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী এলাকাগুলোতে সতর্ক অবস্থান নিয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির নেতা-কর্মীরা।
কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক সম্ভাব্য যেকোনো ধরনের অনাকাঙ্খিত পরিস্থিতি মোকাবেলা এবং সীমান্তবর্তী এলাকার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে জেলার তিনটি সীমান্তবর্তী উপজেলা কসবা, আখাউড়া ও বিজয়নগরে বিএনপি ও অঙ্গ-সহযোগী সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের নিজ নিজ অবস্থান থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক আলহাজ্ব মোঃ সিরাজুল ইসলাম সিরাজ।
বিশেষ করে সীমান্তসংলগ্ন ইউনিয়ন এবং প্রতিটি ওয়ার্ড পর্যায়ের নেতা-কর্মীদের সঙ্গে সমন্বয় করে সতর্ক অবস্থান বজায় রাখার নির্দেশনা দেয়া হয়। কেন্দ্রীয় নির্দেশনার আলোকে সাংগঠনিকভাবে নেতা-কর্মীদের প্রস্তুত ও ঐক্যবদ্ধ থাকার আহবান জাননো হয়।
এদিকে বুধবার দুপুরে সরজমিনে সীমান্ত এলাকা পরিদর্শনে যান জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ। তিনি নিজে সীমান্তবর্তী এলাকাগুলোতে উপস্থিত হয়ে স্থানীয় নেতা-কর্মীদের সাথে কথা বলেন এবং সার্বিক পরিস্থিতির খোঁজ-খবর নেন।
একই সাথে তিনি সংশ্লিষ্ট বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বয় করে সীমান্তবর্তী এলাকার পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে দায়িত্বশীল থাকার এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার জন্য তিনি আহবান জানান।
জেলা বিএনপির এই উদ্যোগের ফলে কসবা, আখাউড়া ও বিজয়নগর উপজেলার সীমান্ত সংলগ্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে সাংগঠনিক যোগাযোগ এবং সমন্বয় কার্যক্রম জোরদার করা হয়েছে।
এ ব্যাপারে জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ বলেন, দেশের সার্বভৌমত্ব ও জননিরাপত্তার প্রশ্নে কোনো ধরনের আপস নয়, এমন অবস্থান থেকেই সীমান্তবর্তী এলাকাগুলো তিনি নিজে পরিদর্শন করেছেন এবং নেতা-কর্মীদের সতর্ক ও সুশৃঙ্খল থাকার নির্দেশনা দিয়েছেন।



মন্তব্য করুন