বাংলাদেশ ▣ ই-পেপার
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

পেট্রাপোল দিয়েই বাংলাদেশে ফিরবেন হাসিনা, দাবি বিজেপি বিধায়কের

November 23, 2026 Ibrahim Khan Sadat 0 মন্তব্য 33 বার পঠিত

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে নতুন করে রাজনৈতিক জল্পনা শুরু হয়েছে। আগামী ডিসেম্বরেই তিনি বাংলাদেশে ফিরতে পারেন, এমন আলোচনা চলার মধ্যেই পশ্চিমবঙ্গের পেট্রাপোল স্থলবন্দর দিয়ে তার দেশে প্রবেশের সম্ভাবনার কথা জানিয়েছেন ভারতের ক্ষমতাসীন বিজেপির এক বিধায়ক। বনগাঁর বিজেপি বিধায়ক স্বপন মজুমদারের দাবি, শেখ হাসিনার বাংলাদেশে ফেরার দিন খুব বেশি দূরে নয়। তবে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যায়নি।

সোমবার (২৩ নভেম্বর) স্বপন মজুমদার বলেন, পেট্রাপোল সীমান্ত দিয়েই শেখ হাসিনা বাংলাদেশে প্রবেশ করতে পারেন। বিশ্বের শক্তিশালী দেশগুলো তার পাশে দাঁড়িয়ে ডিসেম্বর মাসে তাকে বাংলাদেশে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে বলেও দাবি করেন তিনি।বিজেপি বিধায়ক বলেন, এই পেট্রাপোল সীমান্ত দিয়েই শেখ হাসিনা বাংলাদেশে প্রবেশ করতে পারেন। সেই দিন বেশি দূরে নেই। এরপর তিনি বলেন, শেখ হাসিনা এই সীমান্ত দিয়ে বাংলাদেশে গেলে আরও বেশি সংখ্যক মানুষ একত্রিত হয়ে চিন্ময় কৃষ্ণ প্রভুকে মুক্ত করার উদ্যোগ নেবেন।

এদিকে শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তনের পথ খতিয়ে দেখতে আওয়ামী লীগের চারজন শীর্ষ নেতা পশ্চিমবঙ্গের পেট্রাপোল ও ঘোজাডাঙ্গা স্থলবন্দর পরিদর্শন করেছেন বলে বিভিন্ন সূত্রে খবর ছড়িয়েছে। ভারত ও বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তের পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাব্য পথ সম্পর্কে খোঁজখবর নেওয়াই তাদের উদ্দেশ্য ছিল বলে দাবি করা হচ্ছে।

আওয়ামী লীগ নেতাদের সীমান্ত পরিদর্শনের খবর সম্পর্কে জানতে চাইলে স্বপন মজুমদার বলেন, বিষয়টি সঠিক। তিনিও এমন কথা শুনেছেন। তবে তার মতে, এ ধরনের উদ্যোগ অনেক আগে থেকেই নেওয়া প্রয়োজন ছিল।বাংলাদেশে বিদেশি অর্থ ব্যবহার করে ভারতবিরোধী কার্যকলাপ চালানো হচ্ছে বলেও অভিযোগ করেন এই বিজেপি বিধায়ক। যদিও তার এই অভিযোগের পক্ষে তিনি বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেননি। শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নিয়ে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের খাদ্যমন্ত্রী অশোক কীর্তনীয়াও মন্তব্য করেছেন। তার মতে, বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং গণতন্ত্র পুনরুদ্ধারের ক্ষেত্রে শেখ হাসিনার গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে।

উল্লেখ্য, শেখ হাসিনার বাংলাদেশে প্রত্যাবর্তন নিয়ে গত কয়েক দিন ধরেই ভারত ও বাংলাদেশের রাজনৈতিক মহলে নানা আলোচনা চলছে। বিশেষ করে পেট্রাপোল ও ঘোজাডাঙ্গা সীমান্তকে ঘিরে আওয়ামী লীগ নেতাদের কথিত তৎপরতার খবর নতুন করে জল্পনা বাড়িয়েছে।

তবে শেখ হাসিনা কবে বাংলাদেশে ফিরবেন, আদৌ পেট্রাপোল বা ঘোজাডাঙ্গা সীমান্ত ব্যবহার করবেন কি না, সে বিষয়ে ভারত বা বাংলাদেশের কোনো কর্তৃপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। ফলে আপাতত বিজেপি নেতাদের বক্তব্য এবং সীমান্ত পরিদর্শনের খবর ঘিরেই রাজনৈতিক আলোচনা সীমাবদ্ধ রয়েছে।

সংবাদটি শেয়ার করুনআপনার পছন্দের মাধ্যমে পাঠিয়ে দিন
Facebook X WhatsApp Telegram
পাঠকের মতামত

মন্তব্য করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *