বাংলাদেশ ▣ ই-পেপার
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

মৃতদেহের মুখে গোঁজা ন’টি মুদ্রা, মাথা কেটে রাখা পায়ের কাছে! ব্রিটেনের রাস্তা খুঁড়তেই বেরোল রহস্যময় সমাধি

November 23, 2026 Ibrahim Khan Sadat 0 মন্তব্য 23 বার পঠিত

রাস্তার নীচে খননকার্য চালাতেই প্রত্নতাত্ত্বিকেরা একাধিক অদ্ভুত ও রহস্যময় কবরের সন্ধান পান। মৃতদেহগুলিকে ‘অস্বাভাবিক’ পদ্ধতিতে সমাধিস্থ করা হয়েছিল। কয়েকটি মৃতদেহের মাথা কেটে পায়ের কাছে রাখা হয়েছিল। কারও মুখে গোঁজা ছিল মুদ্রা!

মুণ্ডহীন একটি ধড়। আর, সেই কাটা মাথা ‘সাজানো’ সংশ্লিষ্ট দেহেরই পায়ের কাছে। আবার, কোথাও মৃতদেহ রাখা রয়েছে উপুড় করে। সেই শবের মুখে পোরা মুদ্রা। কোনও প্রাচীন শহর বা প্রত্যন্ত এলাকা নয়, একাধিক রহস্যময় মৃতদেহের সন্ধান মিলল খোদ ব্রিটেনে। উত্তর ইংল্যান্ডের বৃহত্তম কাউন্টি নর্থ ইয়র্কশায়ারে।

ব্রিটিশ সংবাদমাধ্যম ডেলি স্টারের প্রতিবেদন অনুসারে, ইংল্যান্ডের প্রত্নতাত্ত্বিকেরা ইয়র্কশায়ারের একটি ব্যস্ত রাস্তার ঠিক নীচে রোমান সাম্রাজ্যের একটি প্রাচীন সমাধিক্ষেত্রের সন্ধান পেয়েছেন। এই সমাধিক্ষেত্রটির নাম কুরা টেরে। এই অঞ্চলগুলিতে খোঁড়াখুঁড়ির ফলে পাওয়া প্রত্নতাত্ত্বিক নিদর্শন থেকে রোমান ব্রিটেনের অন্ত্যেষ্টিক্রিয়া সংক্রান্ত কিছু অদ্ভুত রীতিনীতির সন্ধান মিলেছে।

শিরচ্ছেদ করা মৃতদেহ, উপুড় করে কবর দেওয়ার অস্বাভাবিক রীতি এবং সমাধি এলাকায় থাকা বিভিন্ন রহস্যময় সামগ্রী – উত্তর ইয়র্কশায়ারে আবিষ্কৃত এই প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলি রোমান আমলের মানুষের জীবনযাপন, মৃত্যু এবং মৃত্যুর পরের আচার-অনুষ্ঠানের এক অজানা ও অন্ধকারময় অধ্যায় সামনে নিয়ে এসেছে। উত্তর ইয়র্কশায়ারের সেই সময়কার জীবন ও মৃত্যু সংক্রান্ত অন্ধকার দিকটি উন্মোচন করতে পারবে এই নয়া আবিষ্কার, এমনটাই মনে করছেন প্রত্নতত্ত্ববিদেরা।

১৪টি প্রত্নতাত্ত্বিক স্থানে খনন করে পাওয়া গিয়েছে, প্রারম্ভিক ব্রোঞ্জ যুগ থেকে অ্যাংলো-স্যাক্সন যুগ পর্যন্ত বিস্তৃত সময়ের মোট ৩০৮টি মানবসমাধি। এই খননকার্যের মধ্যে বেশ কয়েকটি রোমান যুগের সমাধিও রয়েছে। সেগুলি বিশ্লেষণ করে ওই সময়ের মানুষের অন্ত্যেষ্টিক্রিয়া, মৃতদেহ সমাধিস্থ করার রীতিনীতি এবং মৃত্যু পরবর্তী বিশ্বাস সম্পর্কে নানা গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে।

মৃতদেহ সৎকারের ক্ষেত্রে সে সময়কার মানুষজন যে বেশ কিছু ব্যতিক্রমী প্রথা অনুসরণ করতেন, তা এই আবিষ্কার থেকেই স্পষ্ট হয়ে উঠেছে। এই সবই ওই অঞ্চলের প্রাচীন ইতিহাস ও রোমান সভ্যতা সম্পর্কে নতুন তথ্য জানার গুরুত্বপূর্ণ সূত্র হয়ে উঠতে পারে বলে মনে করছেন ইতিহাসবিদেরা।

খননকার্যের সময় প্রত্নতাত্ত্বিকেরা এমন এক ব্যক্তির সমাধির সন্ধান পেয়েছেন, যাঁর মুখের ভিতরে গুঁজে দেওয়া হয়েছিল ন’টি মুদ্রা। উদ্ধার হওয়া মুদ্রাগুলির সময়কাল বিশ্লেষণ করে বিশেষজ্ঞদের ধারণা, এই কবরটি আনুমানিক ৩২৫ খ্রিস্টাব্দের।

মৃত ব্যক্তির সঙ্গে মুদ্রা পুঁতে রাখার রেওয়াজ প্রচলিত ছিল রোমান যুগে। এই ধরনের পারলৌকিক আচারের ভিত্তি ছিল এক ধরনের বিশ্বাস। মৃত্যুর পর আত্মাকে পাতালপুরীতে যেতে হয়, অর্থাৎ মৃতদের জগতে। আর, সেই যাত্রাপথে পড়ে একটি নদী। কতকটা আমাদের বৈতরণী নদীর মতো। সেই নদীর পারেই রয়েছে মৃতদের পুরী। বিশ্বাস করা হত, সেই গন্তব্যে পৌঁছোতে নদী পেরোনোর জন্যই সদ্যমৃতকে ওই মুদ্রা খরচ করতে হত।

মৃত ব্যক্তির সঙ্গে মুদ্রা দেওয়ার রীতিও এই বিশ্বাসের সঙ্গে জড়িত ছিল। তবে, কুরা টেরার এই আবিষ্কারটি প্রত্নতাত্ত্বিকদের বিশেষ ভাবে কৌতূহল জাগায়। কারণ, সাধারণত মৃতদেহের সঙ্গে একটিমাত্র মুদ্রা দেওয়ার প্রচলন ছিল। অথচ, এখানকার সমাধি খুঁড়ে পাওয়া একটি দেহের মুখে একসঙ্গে ন’টি মুদ্রা পাওয়া গিয়েছে।

প্রত্নতাত্ত্বিকদের ধারণা, অতিরিক্ত মুদ্রাগুলি হয়তো মৃত ব্যক্তির আত্মার নিরাপদ যাত্রা নিশ্চিত করার বিশ্বাস থেকে দেওয়া হয়েছিল। উল্লেখ্য, মৃত্যুর পর শেষবারের মতো নদী পেরোনোর খরচ বা ‘শেষ পারানি’র জন্য দেওয়া এই মুদ্রাগুলি ‘ক্যারনের ওবল’ নামে পরিচিত।

প্রাচীন গ্রিক ও রোমান বিশ্বাস অনুযায়ী, ক্যারন ছিলেন পাতালপুরীর মাঝি। তিনি জীবিতদের জগৎ ও মৃতদের জগতের মধ্যবর্তী নদী পার করে আত্মাকে পাতালপুরীতে পৌঁছে দিতেন। বিনিময়ে তাঁকে মুদ্রা দিতে হত। এই বিশ্বাসের উৎপত্তি প্রাচীন গ্রিসে হলেও, রোমান যুগেও বেশ কিছু সাংস্কৃতিক গোষ্ঠীর মধ্যে এই পারলৌকিক প্রথা প্রচলিত ছিল।

প্রত্নতাত্ত্বিকদের ধারণা, মাঝিকে বেশি পারিশ্রমিক দেওয়ার জন্য অথবা আত্মার যাত্রা নিশ্চিত করার জন্য একটির বদলে বাড়তি মুদ্রা দেওয়া হয়ে থাকতে পারে। তবে, প্রচলিত নিয়ম ভেঙে এমনটা ঠিক কেন করা হয়েছিল, সে সম্পর্কে কোনও নিশ্চিত কারণ খুঁজে বার করতে পারেননি সমাধিক্ষেত্রটির আবিষ্কারকেরা।

সবচেয়ে যে বিষয়টি আশ্চর্য করেছে প্রত্ন-গবেষকদের, তা হল মাথা কাটা দেহগুলি। কুরা টেরেতে মুখে মুদ্রা দেওয়া দেহের সঙ্গে আরও দু’টি ‘অস্বাভাবিক’ মৃতদেহ খুঁজে পেয়েছেন তাঁরা। সেই দেহজো়ড়ার মাথা তাদের পায়ের কাছে রাখা ছিল। এর অর্থ হল, উভয় ব্যক্তিরই শিরচ্ছেদ করা হয়েছিল। প্রচলিত পদ্ধতিতে তাঁদের সমাহিত করা হয়নি।

সমাধিক্ষেত্রে আরও দু’জনের মৃতদেহ উপুড় করে কবর দেওয়া হয়েছিল। অথচ, সেই আমলে সাধারণত মৃতদেহ চিত করে শুইয়ে সমাধিস্থ করার রীতি প্রচলিত ছিল। কেন তাঁদের ক্ষেত্রে এই ব্যতিক্রমী পদ্ধতি অনুসরণ করা হয়েছিল, তা এখনও স্পষ্ট নয়। তবে, পরবর্তী সময়ের কয়েকটি সমাধিতেও একই ধরনের প্রথার সন্ধান পাওয়া গিয়েছে। প্রত্নতাত্ত্বিকদের মতে, এই প্রবণতা রোমান যুগের শেষের দিকে মানুষের ধর্মীয় বিশ্বাস ও অন্ত্যেষ্টিক্রিয়ার রীতিনীতিতে পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।

খননকার্যে পাওয়া অন্যান্য নিদর্শনও রোমান যুগের মানুষের সামাজিক জীবন ও ধর্মীয় বিশ্বাস সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেছে। সেই সময়ে মৃতদেহের সঙ্গে বিভিন্ন জিনিসপত্র সমাধিস্থ করার বিশেষ রীতি প্রচলিত ছিল। উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে ছিদ্র করা মুদ্রা, লকেট এবং ছিদ্রযুক্ত একটি কুকুরের দাঁত। প্রত্নতাত্ত্বিকদের ধারণা, এই জিনিসগুলি হয়তো তাবিজ বা রক্ষাকবচ হিসেবে ব্যবহার করা হত। মৃত্যুর পরেও অশুভ শক্তির হাত থেকে রক্ষা পাওয়ার বিশ্বাস থেকেই সম্ভবত এগুলি মৃত ব্যক্তির সঙ্গে কবরে রাখা হয়েছিল। এমনটাই ধারণা প্রত্নতাত্ত্বিকদের।

সংবাদটি শেয়ার করুনআপনার পছন্দের মাধ্যমে পাঠিয়ে দিন
Facebook X WhatsApp Telegram
পাঠকের মতামত

মন্তব্য করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *