বাংলাদেশ ▣ ই-পেপার
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

ইমরান খানের হৃদযন্ত্রে স্থায়ী ক্ষতির শঙ্কা

November 23, 2026 Ibrahim Khan Sadat 0 মন্তব্য 38 বার পঠিত

পাকিস্তানের কারাগারে বন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের শারীরিক অবস্থা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। দীর্ঘদিনের অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপ তার হৃদযন্ত্র ও কিডনির স্থায়ী ক্ষতি করতে পারে বলে সতর্ক করেছেন তার দীর্ঘদিনের ব্যক্তিগত চিকিৎসক ডা. ফয়সাল সুলতান।

তার পরামর্শ, ঝুঁকি এড়াতে আগামী কয়েক দিনের মধ্যেই ইমরানকে হৃদরোগ বা কিডনি বিশেষজ্ঞের কাছে নিতে হবে।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ–এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

২০২৩ সালের আগস্ট থেকে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দি রয়েছেন ৭৪ বছর বয়সী ইমরান খান। দুর্নীতির অভিযোগে তাকে গ্রেপ্তার করা হলেও তিনি অভিযোগ অস্বীকার করে আসছেন।

কারাগারে তাকে ১ দশমিক ৮ মিটার বাই ২ দশমিক ৪ মিটার আয়তনের একটি ছোট কক্ষে রাখা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

গত সোমবার পাকিস্তানের শীর্ষ বিচারকদের উদ্দেশে লেখা এক খোলা চিঠিতে ইমরান খান আশঙ্কা প্রকাশ করেন, জরুরি চিকিৎসার ব্যবস্থা না হলে কারাগার থেকে হয়তো আর জীবিত ফিরতে পারবেন না তিনি।

ইমরান খানের ৩০ বছরের বেশি সময়ের ব্যক্তিগত চিকিৎসক ডা. ফয়সাল সুলতান পাকিস্তানি কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন, দ্রুত যেন তাকে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়ার সুযোগ দেওয়া হয়।

দ্য টেলিগ্রাফ–কে ডা. সুলতান বলেন, কোনো রোগীর রক্তচাপ এত বেশি থাকলে তিনি তাকে আজ অথবা আগামীকালের মধ্যেই অভিজ্ঞ হৃদরোগ কিংবা কিডনি বিশেষজ্ঞের কাছে পাঠাতেন। ইমরান খানের ক্ষেত্রেও কয়েক দিনের মধ্যে রক্তচাপ নিয়ন্ত্রণে আনা জরুরি বলে মনে করেন তিনি।

হৃদযন্ত্র, কিডনি ও চোখের ক্ষতির আশঙ্কা

ডা. সুলতানের মতে, দীর্ঘদিন উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে না থাকলে শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। এতে হৃদযন্ত্রকে স্বাভাবিকের তুলনায় বেশি চাপ নিয়ে কাজ করতে হয়। একপর্যায়ে হৃদপেশি অস্বাভাবিকভাবে বড় হয়ে যেতে পারে। চিকিৎসাবিজ্ঞানে এ অবস্থাকে ‘হাইপারট্রফি’ বলা হয়।

এ ছাড়া দীর্ঘদিন উচ্চ রক্তচাপ থাকলে কিডনির কার্যক্ষমতা কমে যেতে পারে এবং চোখের রেটিনাও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে। এসব জটিলতা এড়াতে দ্রুত রক্তচাপ নিয়ন্ত্রণে আনার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

গত ১৬ নভেম্বর আইনজীবীর মাধ্যমে প্রকাশিত এক খোলা চিঠিতে ইমরান খান নিজেই তার শারীরিক অবস্থার অবনতির কথা জানান। তার দাবি, ডান চোখের দৃষ্টিশক্তির ৮৫ শতাংশ নষ্ট হয়ে গেছে। পাশাপাশি তিনি অত্যন্ত উচ্চ রক্তচাপে ভুগছেন।

ইমরান খানের অভিযোগ, ২০২৫ সালের ২০ ডিসেম্বর থেকে তাকে নির্জন কারাবাসে রাখা হয়েছে। এ সময় প্রতিদিন ২২ ঘণ্টা পর্যন্ত তাকে একা থাকতে হয়। ওই দিনই তার ও স্ত্রীর বিরুদ্ধে দায়ের করা একাধিক মামলার একটিতে তাকে ১৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ব্যক্তিগত চিকিৎসকের সঙ্গে দেখা করার অনুমতি নেই

ডা. ফয়সাল সুলতান করোনাভাইরাস মহামারির সময় ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) সরকারের চিকিৎসা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। বর্তমানে তিনি ইমরান খানের প্রতিষ্ঠিত শওকত খানুম মেমোরিয়াল ক্যানসার হাসপাতাল অ্যান্ড রিসার্চ সেন্টারের প্রধান নির্বাহী।

এর আগে গত ১৮ আগস্ট পাকিস্তানের সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিলেন, ইমরান খানকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে তার শারীরিক অবস্থার নিরপেক্ষ মূল্যায়ন করতে হবে। তার আইনজীবীরা স্বাস্থ্যের অবনতি নিয়ে উদ্বেগ জানানোর পর আদালত এ নির্দেশ দেন।

সে সময় ডা. সুলতান হাসপাতালে ইমরানের জন্য অপেক্ষা করছিলেন। কিন্তু তাকে সেখানে না নিয়ে একটি সরকারি হাসপাতালে নেওয়া হয়। পরীক্ষা-নিরীক্ষার পর ওই হাসপাতালের চিকিৎসকেরা জানান, ইমরান খান কারাগারে ফিরে যাওয়ার মতো শারীরিকভাবে সুস্থ রয়েছেন।

তবে দীর্ঘদিনের একাকিত্ব ও সামাজিক বিচ্ছিন্নতা তার উচ্চ রক্তচাপের সমস্যাকে আরও বাড়িয়ে দিতে পারে বলে মনে করেন ডা. সুলতান। এ কারণে তিনি ইমরানের সঙ্গে সরাসরি দেখা করার অনুমতি চেয়েছেন। তার ভাষায়, ‘আমি অবশ্যই তার সঙ্গে দেখা করতে চাই।’

সমর্থকদেরও উদ্বেগ, চিকিৎসার দাবি

কারাগারে ইমরান খানের সঙ্গে আচরণ ও তার শারীরিক অবস্থা নিয়ে দীর্ঘদিন ধরেই উদ্বেগ প্রকাশ করে আসছেন সমর্থকেরা। গত সেপ্টেম্বরে তার ছেলেরাও সতর্ক করে বলেছিলেন, পাকিস্তানের সাবেক এই ক্রিকেট অধিনায়কের জীবন ঝুঁকির মধ্যে রয়েছে।

পিটিআইয়ের সাবেক জ্যেষ্ঠ নেতা সৈয়দ জুলফি বুখারিও ইমরানের চিকিৎসা নিয়ে প্রশ্ন তুলেছেন। তার দাবি, ইমরান খানকে পরীক্ষা করা চিকিৎসকেরা সবাই সরকারের নির্দেশে দায়িত্ব পালন করেছেন। কিন্তু কেউই তার রক্তচাপ নিয়ন্ত্রণে আনতে পারেননি কিংবা শারীরিক অবস্থা সম্পর্কে স্পষ্ট ধারণা দিতে পারেননি।

জুলফি বুখারির মতে, এখনই ইমরান খানের ব্যক্তিগত চিকিৎসকদের তার সঙ্গে দেখা করার অনুমতি দেওয়া প্রয়োজন। এতে তার প্রকৃত শারীরিক অবস্থা নিরূপণ, বিশেষজ্ঞ চিকিৎসা এবং পরবর্তী করণীয় নির্ধারণ করা সম্ভব হবে। চিকিৎসায় আরও দেরি হলে পরিস্থিতি গুরুতর হয়ে উঠতে পারে বলেও সতর্ক করেছেন তিনি।

তথ্যসূত্র: দ্য টেলিগ্রাফ

সংবাদটি শেয়ার করুনআপনার পছন্দের মাধ্যমে পাঠিয়ে দিন
Facebook X WhatsApp Telegram
পাঠকের মতামত

মন্তব্য করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *