ছাত্রলীগ গ্রেপ্তার করলে খবর আছে, পরিবার শেষ করে দেব— ওসিকে হুমকি

‘আজকের পর থেকে কোনো ছাত্রলীগের নেতাকর্মীকে গ্রেপ্তার করা হলে খবর আছে, পরিবার শেষ করে দেব, বংশ শেষ করে দেব’, এভাবে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়ে চট্টগ্রামের জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিমকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।
বুধবার (১৮ নভেম্বর) রাত ৮টা ৫৩ মিনিট থেকে বিভিন্ন সময়ে দক্ষিণ আফ্রিকার কান্ট্রি কোডযুক্ত একটি নম্বর (+২৭৭৩৬৩৫৬৪২৩) থেকে ওসির সরকারি মুঠোফোনে হোয়াটসঅ্যাপের মাধ্যমে হুমকিমূলক বার্তা পাঠানো হয়। এ ঘটনায় নিজের ও পরিবারের নিরাপত্তার কথা বিবেচনা করে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ওসি আব্দুল হালিম।
জিডিতে উল্লেখ করা হয়, জোরারগঞ্জ থানার ওসির সরকারি মুঠোফোন নম্বরের হোয়াটসঅ্যাপে দক্ষিণ আফ্রিকার কান্ট্রি কোডযুক্ত নম্বর থেকে এক ব্যক্তি বিভিন্ন সময়ে বার্তা পাঠান। নম্বরটির ইংরেজিতে নাম লেখা ছিল ‘এন এম জামাল’। শুরুতে ইংরেজিতে ‘হাউ আর ইউ’ এবং ‘উই আর ওয়ারি অ্যাবাউট ইউর ফ্যামিলি’ লিখে বার্তা দেওয়া হয়। পরে ওই ব্যক্তি হুমকির সুরে লেখেন, ‘তুমি যদি তোমার আগের কাজ চালিয়ে যাও, তাহলে আমরা খুব শিগগির ব্যবস্থা নেব।’
এরপর পাঠানো বার্তায় সরাসরি ছাত্রলীগের নেতাকর্মীদের গ্রেপ্তার না করার হুঁশিয়ারি দেওয়া হয়। সেখানে লেখা হয়, ‘আজকের পর থেকে কোনো ছাত্রলীগের নেতাকর্মীকে গ্রেপ্তার করা হলে খবর আছে, পরিবার শেষ করে দেব, বংশ শেষ করে দেব।’
আরেকটি বার্তায় ওসিকে উদ্দেশ করে বলা হয়, ‘তুই যদি তোর চিন্তা করিস, জোরারগঞ্জ থানার কথা চিন্তা করিস, তোর জীবনের কথা চিন্তা করিস, তাহলে অন্যায়ভাবে গ্রেপ্তার করা থেকে বিরত থাকিস। না হলে রক্ষা নেই।’ সবশেষে তাকে কাফনের কাপড় প্রস্তুত রাখার হুমকি দিয়ে বলা হয়, ‘এটাই শেষ কথা। কাফনের কাপড় রেডি রাখিস, না হলে রাস্তায় পড়ে থাকবি।’
জিডিতে উল্লেখ করা হয়, অজ্ঞাতনামা ওই ব্যক্তি হোয়াটসঅ্যাপে একাধিকবার এসব বার্তা পাঠিয়ে তাঁকে ভয়ভীতি ও হুমকি দিয়েছেন। ভবিষ্যতের নিরাপত্তার স্বার্থে বিষয়টি সাধারণ ডায়েরিভুক্ত করা হয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) সকালে মুঠোফোনে জোরারগঞ্জ থানার ওসি মোহাম্মদ আব্দুল হালিম ঢাকা পোস্টকে বলেন, থানার পুলিশ সদস্যদের সঙ্গে নিয়ে ঢাকা-চট্টগ্রাম হাইওয়েতে টহল কার্যক্রমে ছিলাম। ওই সময় আমি মেসেজটি পাই। সাধারণত দায়িত্ব পালন করতে গিয়ে আমাদের নানা প্রতিবন্ধকতার তৈরি করতে চায় একটি গোষ্ঠী। কিন্তু আমরা আমাদের দায়িত্ব পালন করে যাবো।
তিনি আরও বলেন, এই নম্বরটি দেশে থেকে ব্যবহার করা হতে পারে, তবে বিদেশ থেকে ব্যবহারের সম্ভাবনা বেশি। বিদেশি নম্বর হওয়াতে ডিটেক্ট করতে সময় লাগবে। আমি এসবে ভয় পাই না।
জানতে চাইলে মিরসরাই সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) এ আর এম মোজাফফর হোসেন মুঠোফোনে বলেন, বিষয়টি সম্পর্কে তিনি জানেন না। প্রতিবেদকের কাছ থেকেই প্রথম শুনেছেন। এ বিষয়ে ফোনে মন্তব্য করতে রাজি হননি তিনি।



মন্তব্য করুন