গোপালগঞ্জে সহিংসতা-উস্কানিদাতাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান ইসলামী আন্দোলনের

গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের সহিংসতা ও বিদ্বেষপূর্ণ বক্তব্যকে দেশের রাজনীতির জন্য ‘অশনি সংকেত’ বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। সমাজ থেকে রাজনৈতিক বিভেদ দূর করতে প্রশাসনিক পদক্ষেপের পাশাপাশি রাজনৈতিক ও সামাজিক উদ্যোগ নেওয়ার আহ্বানও জানিয়েছেন তিনি।
সোমবার (১৬ নভেম্বর) এক বিবৃতিতে ইসলামী আন্দোলনের মহাসচিব এসব কথা বলেন।
গাজী আতাউর রহমান বলেন, গোপালগঞ্জে আওয়ামী লীগের নেতা-কর্মীরা যে মাত্রায় সহিংসতা চালিয়েছেন এবং যে ভাষায় কথা বলেছেন, তা রাজনীতির জন্য অশনি সংকেত। আওয়ামী লীগ দেশের রাজনীতিতে কত গভীর বিভেদ তৈরি করেছে, এই ঘটনা তারই একটি দৃষ্টান্ত।
বাংলাদেশকে ধর্ম, বর্ণ, জাতিগোষ্ঠী, ভাষা ও সংস্কৃতির দিক থেকে একটি ঐক্যবদ্ধ দেশ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, এখানে রাজনৈতিক প্রতিযোগিতা ও প্রতিদ্বন্দ্বিতা থাকতে পারে। কিন্তু এত তীব্র মাত্রার সহিংসতা ও বিদ্বেষ স্বাভাবিক নয়, বরং এটি বিপজ্জনক। এই পরিস্থিতি থেকে সমাজকে বের করে আনতে বহুমাত্রিক প্রচেষ্টা ও আন্তরিকতা প্রয়োজন।
ইসলামী আন্দোলনের মহাসচিব বলেন, গোপালগঞ্জের আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে কঠোরতা প্রয়োগের আগে যারা উসকানি দিয়েছেন, তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে।
তিনি আরও বলেন, ফ্যাসিবাদের পতনের পর মূল হোতাদের বিরুদ্ধে দ্রুত ও যথাযথ ব্যবস্থা নেওয়া প্রয়োজন ছিল। কিন্তু তা করা হয়নি। বিদেশে বসে আওয়ামী লীগের নেতারা অবিরাম উসকানি দিয়েছেন, বিদ্বেষ ছড়িয়েছেন এবং হিংসা উসকে দিয়েছেন।
গাজী আতাউর রহমান বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রত্যাশা করে, ফ্যাসিবাদের প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে দ্রুত বিচারমূলক ব্যবস্থা নেওয়া হবে। বিদেশে পালিয়ে থাকা অপরাধীদের বিষয়ে আন্তর্জাতিক উদ্যোগের মাধ্যমে ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে সমাজ থেকে বিভেদ দূর করতে হবে।



মন্তব্য করুন