বাংলাদেশ ▣ ই-পেপার
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

লক্ষ্মীপুরে শক্তিশালী ১১ আইইডি বোমা নিষ্ক্রিয়

November 12, 2026 Ibrahim Khan Sadat 0 মন্তব্য 30 বার পঠিত

লক্ষ্মীপুরের রায়পুরে দুধের কৌটায় ভরে মাটির নিচে পুঁতে রাখা ১১টি শক্তিশালী আইইডি (ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস) বোমা নিষ্ক্রিয় করা হয়েছে। এরমধ্যে ৬টি বড় ও ৫টি ছোট বোমা ছিল।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের চর কাচিয়া গ্রামে বিল্লাল বেপারীর খেয়াঘাটের উত্তর পাশে খালি ফসলি জমিতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোমা নিষ্ক্রিয়করণ দল বোমাগুলো নিষ্ক্রিয় করেন।

থানা পুলিশের সঙ্গে কথা বলে জানা যায়, ৩ নভেম্বর রাতে উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের খাসের হাট বাজারে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করা হয়। পরে সাইফুল ইসলাম সুজন নামে এক যুবক বিএনপি নেতা ওবায়দুল্লাহসহ ৩ জনকে ছুরিকাঘাত করে। এসময় স্থানীয়রা তাকে আটক করে পুলিশের সোপর্দ করে। পরদিন মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে লক্ষ্মীপুর আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ।

সুজনের বাড়ি ভোলা সদর উপজেলায়। যে বাড়ির উঠান থেকে বোমাগুলো উদ্ধার করা হয়েছে, তিনি সেখানে ভাড়া থাকতেন। তার থাকার ঘর থেকে সোমবার (৯ নভেম্বর) বোমা তৈরির কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়। সুজনের বিরুদ্ধে দায়েরকৃত মামলায় আরও ৭ জনের নাম উল্লেখ করা হয়। এ মামলায় চরবংশী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইমাম হোসেন গাজী ও তার ছেলে উপজেলা কৃষকদলের সাবেক সদস্য সচিব শামীম গাজীর নামও রয়েছে।

থানা পুলিশ জানায়, মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের চরবংশী গ্রামের মৃত আবু তাহের সিকদারের ভাড়া দেওয়া বাড়ির উঠানের মাটির নিচে খোঁড়া গর্ত থেকে বোমা ভর্তি দুধের কৌটা দুটি উদ্ধার করা হয়। এরপর থেকে সেগুলো পুলিশ পাহারা দিয়ে রাখেন। আদালতের নির্দেশে ডিএমপির বোমা নিষ্ক্রিয়করণ সেলকে বিষয়টি জানানো হয়। বুধবার (১১ নভেম্বর) রাতে ডিএমপির বোমা নিষ্ক্রিয়করণ সেলের চার সদস্যের একটি প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে কৌটাগুলোর ভেতরে একাধিক শক্তিশালী আইইডি বোমার অস্তিত্ব নিশ্চিত করেন তারা।

স্থানীয় সূত্র জানায়, প্রায় দুই মাস ধরে সুজনসহ কয়েকজন যুবক ওই বাড়িতে ভাড়া থাকতেন। তারা বাড়ির চারপাশে বাঁশ ও সুপারির পাতা দিয়ে ঘন বেষ্টনী তৈরি করেছিলেন। বাড়ির আশপাশে যাতে কেউ যেতে না পারে, সে ব্যবস্থাও ছিল। প্রতিবেশীদের সঙ্গে তাদের তেমন চলাফেরা বা যোগাযোগ ছিল না। এ কারণে স্থানীয় কেউ তাদের ভালোভাবে চিনতেন না।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূইয়া বলেন, সুজন নামে এক যুবক ৩ জনকে ছুরিকাঘাত করে। এ ঘটনায় তাকে আটক ও পরে মামলায় গ্রেপ্তার দেখানো হয়। তার ভাড়া বাসা থেকে বোমা তৈরির সরঞ্জাম ও একই বাড়ির উঠান থেকে ১১টি বোমা ভর্তি দুটি টিনের কৌটা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত বোমাগুলো ডিএমপির বোমা নিষ্ক্রিয়করণ নিষ্ক্রিয় করেছেন। বোমাগুলো শক্তিশালী আইইডি ছিল বলে নিশ্চিত করেছেন বিশেষজ্ঞ দল।

সংবাদটি শেয়ার করুনআপনার পছন্দের মাধ্যমে পাঠিয়ে দিন
Facebook X WhatsApp Telegram
পাঠকের মতামত

মন্তব্য করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *