ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল থেকে ৭ দালাল আটক

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে জেলা প্রশাসন ও স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) যৌথ অভিযানে দালালচক্রের সাত সদস্যকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে হাসপাতালের জরুরি ও বহির্বিভাগে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক সাতজনের মধ্যে পাঁচজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং দুজনকে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
অভিযান সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরি ও বহির্বিভাগে যৌথ অভিযান পরিচালনা করে জেলা প্রশাসন ও এসআরবি। এ সময় দালালচক্রের সদস্য হিসেবে অন্তর মিয়া, জালাল মিয়া, মামুন মিয়া, নার্গিস আক্তার, সাব্বির মিয়া, তাইফ ইসলাম ও শিপন মিয়াকে আটক করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শিপন মিয়াকে দুই হাজার টাকা এবং নার্গিস আক্তারকে তিন হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া বাকি পাঁচজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
এসআরবি-৯-এর ব্রাহ্মণবাড়িয়া ক্যাম্পের কমান্ডার মো. নূরনবী জানান, গোপন সংবাদের ভিত্তিতে হাসপাতালে এ অভিযান পরিচালনা করা হয়েছে। হাসপাতালের দালালচক্রের পেছনে যারা মদদ দিচ্ছে, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনদের হয়রানি বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।



মন্তব্য করুন