নাসিরনগর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের অনিয়ম-দুর্নীতির বিষয়ে শিক্ষামন্ত্রীর কাছে ভুক্তভোগী শিক্ষকদের অভিযোগ

স্টাফ রিপোর্টার,ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ ইসহাক মিঞার বিরুদ্ধে শিক্ষকদের কাছ থেকে ঘুষ গ্রহণ, তাদের সাথে অশালীন আচরণসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। তার অনিয়ম ও দুর্নীতির ফিরিস্তি তুলে ধরে গত ১৮ অক্টোবর শিক্ষা মন্ত্রী বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন উপজেলার কালিউতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুবনা বেগম ও উড়িয়াইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিউটি বেগম।
অভিযোগে বলা হয়, প্রাথমিক শিক্ষা অফিসার ইসহাক মিঞা চলতি বছরের জুন মাসে সমন্বয় সভায় অডিট এবং অফিস খরচের কথা বলে উপজেলার ১২৬টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের জনপ্রতি ১ হাজার ৫শত টাকা করে চাঁদা ও তার কথিত ব্যক্তিগত সহকারী মনির হোসেনের বেতন দিতে উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছ থেকে ১০০টাকা করে চাঁদা নেন। জাতীয় বেতন স্কেল ২০২৬ এর পে-ফিক্সেশনের জন্য উপজেলার ৭৫১ জন প্রাথমিক শিক্ষকের প্রত্যেকের কাছ থেকে ৪০০ টাকা করে ঘুষ নেন। তিনি উপজেলার ৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মেরামত ও সংস্কার কাজের জন্য বরাদ্দ থেকে থেকে ১০ হাজার টাকা করে, উপজেলা শিক্ষা অফিসের ভিতরে গøাসের তৈরি নাম ফলক ও শিক্ষা অফিসের নামে একটি সাইন বোর্ড তৈরির জন্য ১২৬ জন প্রধান শিক্ষকের কাছ থেকে দুইশত টাকা করে নিয়েছেন।
অভিযোগে বলা হয়, চাকরি স্থায়ীকরণের কথা বলে উপজেলার রেজিঃ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১১০ জন শিক্ষকের কাছ থেকে ২ হাজার ৫শত টাকা করে ও ৪২ জন শিক্ষকের প্রত্যেকের কাছ থেকে প্রাথমিক শিক্ষা অফিসার সমতা বিল করনের নামে ১২ হাজার টাকা করে ঘুষ নিয়েছেন।
উপজেলার তিনটি বিদ্যালয়ের প্লেয়িং এক্সেসরিজের কাজ ইসহাক মিঞা নিজেই করে বিদ্যালয়ের প্রধানদের কাছ থেকে চাপ দিয়ে চেকে সাক্ষর নিয়ে বিল তুলেন। তিনি উদ্দেশ্য প্রণোদিতভাবে শিক্ষকদের হয়রানিমূলক শোকজ করেন, পরে তার কথিত পিএস মনির হোসেনকে দিয়ে ভুক্তভোগী শিক্ষকদের সাথে যোগাযোগ করে সমস্যা সমাধানের কথা বলে ঘুষ গ্রহণ করেন।
শুধু তা ই নয়, তার প্রত্যাশা পুরণ না হলে তিনি শিক্ষকদের হুমকি দেন বলেও অভিযোগ রয়েছে। এর আগেও মোঃ ইসহাক মিঞা এই উপজেলার সহকারী শিক্ষা অফিসার থাকাকালীন সময়ে নানা অভিযোগের কারনে বদলী হলেও পুনরায় তিনি এই উপজেলায় ফিরে আসেন।
অভিযোগে বলা হয়, তিনি নাসিরনগর উপজেলায় বিয়ে করার সুবাদে তিনি সহযোগী শিক্ষকদের নিয়ে একটি সিন্ডিকেট গড়ে তুলেছেন।
এছাড়াও উপজেলা শিক্ষা অফিসার শিক্ষকদের চিকিৎসা ছুটি, মাতৃত্ব ছুটি, শিক্ষক সংযুক্তি, বিভিন্ন বকেয়া বিল, ক্ষুদ্র মেরামত, ¯িøপ সহ বিভিন্ন আর্থিক সংশ্লিষ্ট নানা খাতের কার্যক্রম থেকে ঘুষ গ্রহণ করেন।
এই বিষয়ে অভিযোগকারী প্রধান শিক্ষক লুবনা বেগম বলেন, উপজেলা শিক্ষা অফিসার ইসহাক মিঞা ক্ষুদ্র মেরামতের বরাদ্দকৃত টাকা তাঁকে দিতে চাপ প্রয়োগ করেন নতুবা আমাকে বদলী করার ভয় দেখায়। পরে আমি তাঁকে ১০ হাজার টাকা ঘুষ দিয়েছি। শুধু তা ই নয়, তাঁর বিরুদ্ধে অভিযোগের শেষ নেই। তিনি এই উপজেলায় বিয়ে করে খুঁটির জোর শক্ত করেছেন। তার বিরুদ্ধে কেউ মুখ খোলার সাহস পায়না। তিনি সবাইকে বদলির হুমকি দেন।
অপর অভিযোগকারী সহকারী শিক্ষক বিউটি বেগম বলেন, চাকুরী স্থায়ীকরনের জন্য আমি সহ আরো ১০৯ জন শিক্ষক থেকে তিনি আড়াই হাজার টাকা করে ঘুষ নিয়েছেন। কিন্তু অদ্যাবধি চাকুরী স্থায়ীকরনের দৃশ্যমান কোন অগ্রগতি না দেখে আমি উপজেলা শিক্ষা অফিসারের অফিসে গিয়ে এ ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এটা আটকে রেখেছে, ধৈর্য্য ধরেন হয়ে যাবে। তাঁর বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির বিস্তর অভিযোগ রয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ ইসহাক মিঞা বলেন, তার বিরুদ্ধে আনীত অভিযোগ সত্য নয়। তিনি বলেন, আমার বিরুদ্ধে আনীত অভিযোগ বিষয়ে তদন্ত হচ্ছে। তদন্ত রিপোর্ট প্রকাশ হলেই আপনারা জানতে পারবেন।
এ ব্যাপারে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ শামসুর রহমান বলেন, নাসিরনগর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেয়া হয়েছে। জেলা প্রশাসক মহোদয় হয়তো কাউকে দায়িত্ব দেবেন বিষয়টি দেখার জন্যে।



মন্তব্য করুন