মোঃ আব্দুল হান্নান,নাসিরনগর,ব্রাহ্মণবাড়ি য়া
ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ব্যস্ততম সরকারী ডিগ্রি কলেজ মোড় এলাকা থেকে হাত-পা বাঁধা ও মুখে সেলোটেপ মোড়ানো এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত আব্দুল্লাহ আরজান ২২ হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার চিকনপুর এলাকার আউয়াল মিয়ার ছেলে। সে পেশায় একজন অটোরিকশা চালক।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সোমবার ২১ সেপ্টেম্বর দুপুর বারোটার দিকে কলেজ মোড় সংলগ্ন এলাকায় রাস্তার পাশে এক ব্যক্তিকে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয় একজন ব্যবসায়ী, কাছে গিয়ে দেখা যায়, যুবকের দুই হাত, দুই পা এবং মুখ শক্ত করে সেলোটেপ দিয়ে পেঁচানো রয়েছে। বিষয়টি দেখে স্থানীয়দের সন্দেহ হলে তারা দ্রুত থানা পুলিশকে খবর দেন।
খবর পাওয়ার পরপরই নাসিরনগর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকাটি ঘিরে ফেলে।পরে তারা ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরে পিবিআই ও ডিবিকে খবর দিলে তিন সংস্থার লোকজন মিলে লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নাসিরনগর থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ শাহিনুল ইসলাম জানান,খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে পৌঁছানো হয়েছে। লাশটি উদ্ধারে কাজ করছে। নিহত ব্যক্তির শরীরে আঘাতের চিহ্ন রয়েছে মৃত্যুর সঠিক কারণ নির্ধারণ করতে লাশটি ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
