বাংলাদেশ ▣ ই-পেপার
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

পশ্চিম তীরে ইহুদি সন্ত্রাসবাদ চলছে : আইজেনকোট

November 23, 2026 Ibrahim Khan Sadat 0 মন্তব্য 5 বার পঠিত

ফিলিস্তিনের অবরুদ্ধ পশ্চিম তীর অঞ্চলে ইহুদি বসতি স্থাপনকারীদের হাতে স্থানীয় ফিলিস্তিনি জনগণের অত্যাচার-নিপীড়নের ঘটনাকে ‘ইহুদি সন্ত্রাসবাদ’ হিসেবে আখ্যায়িত করে তীব্র নিন্দা জানিয়েছেন ইসরায়েলে সরকার গঠনের চেষ্টায় থাকা গাদি আইজেনকোট।

সাম্প্রতিক বছর গুলোতে পশ্চিম তীরের শহর ও গ্রামগুলোতে ইহুদি বসতি স্থাপনকারীদের দৌরাত্ম্য বেড়ে যাওয়ার কারণ হিসেবে ইসরায়েলের বর্তমান অন্তর্বর্তী প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর মন্ত্রিসভার দুই মন্ত্রী ইতামার বেন-গিভর ও বেজালেল স্মোৎরিচের কঠোর সমালোচনাও করেছেন তিনি।

রোববার ভোরের দিকে অধিকৃত পশ্চিম তীরের রাজধানী রামাল্লার নিকটবর্তী ফিলিস্তিনি গ্রামগুলোতে ইসরায়েলি উগ্র বসতি স্থাপনকারীরা হামলা চালিয়েছে। স্থানীয় বাসিন্দাদের ভাষ্যমতে, এ সময় তারা বাড়িঘরে অগ্নিসংযোগ ও লুটপাট করেছে।

রয়টার্সের প্রতিবেদনে দেখা গেছে, রামাল্লাহর নিকটবর্তী গ্রামগুলোতে বাড়িঘরের পাশাপাশি ফিলিস্তিনিদের বেশ কিছু যানবাহনেও আগুন দিয়েছে ইহুদি বসতিস্থাপনকারীরা এবং এবং বিভিন্ন দেওয়ালে স্প্রে পেইন্ট দিয়ে ‘প্রতিশোধ’এর মতো স্লোগান লেখা হয়েছে। হামলা অবশ্য হতাহতের কোনো ঘটনা ঘটেনি। এখন পর্যন্ত হামলার দায় কেউ স্বীকারও করেনি।

২০২৩ সালের ৭ অক্টোবর গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাস ইসরায়েলে হামলার পর থেকে যে পশ্চিম তীরে যে উত্তেজনার সৃষ্টি হয়েছে, তারই সর্বশেষ সংযোজন হলো এই হামলাগুলো। গত ২৭ অক্টোবরের এক অমিমাংসিত নির্বাচনের ফলে সাবেক প্রধানমন্ত্রী নেতানিয়াহু তার সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছেন। বিরোধী নেতা গাদি আইজেনকোটকে সরকার গঠনের দায়িত্ব দেওয়া হয়েছে, তবে তার সফল হওয়ার সম্ভাবনা খুব একটা উজ্জ্বল নয় বলে মনে করেন ইসরায়েলের বেশিরভাগ রাজনীতি বিশ্লেষক।

রোববারের ঘটনার পর আইজেনকোট এসব হামলাকে ‘ইহুদি সন্ত্রাসবাদ’ হিসেবে আখ্যায়িত করে এক বিবৃতিতে আইজেনকোট বলেছেন, “যেসব উগ্রবাদী গোষ্ঠী যানবাহন ও ঘরবাড়িতে আগুন দিচ্ছে, তারা আঞ্চলিক স্থিতিশীলতাকে নষ্ট করছে, মানুষের জীবনকে ঝুঁকির মুখে ফেলছে এবং ইসরায়েলের জাতীয় নিরাপত্তা ও বৈদেশিক সম্পর্কের মারাত্মক ক্ষতি করছে।”

“নেতানিয়াহুর মন্ত্রিসভার অতি-জাতীয়তাবাদী মন্ত্রী ইতামার বেন-গিভর ও বেজালেল স্মোতরিচের নীতিগুলো এলাকাটিকে নৈরাজ্যের দ্বারপ্রান্তে ঠেলে দিয়েছে, অথচ কর্তৃপক্ষ এখনও এই সংকট মোকাবিলায় কোনো পদক্ষেপ নেয়নি।”

ইসরায়েলি পুলিশের তদন্ত শুরু

ইসরায়েলি পুলিশ জানিয়েছে যে, তারা এই হামলার ঘটনায় তদন্ত শুরু করেছে। অন্যদিকে, সামরিক বাহিনী এই সহিংসতার নিন্দা জানিয়ে বলেছে, “যানবাহনে আগুন দেওয়া এবং গ্রাফিতি লেখার খবর ও ফুটেজ পাওয়ার পর দেইর আস-সুদান, দেইর আবু মাশাল, কাফর মালিক এবং আত-তুওয়ানি এলাকায় সেনা ও পুলিশ মোতায়েন করা হয়েছে।”

এদিকে আইজেনকোটের এ নিন্দার প্রতিক্রিয়া সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পাল্টা পোস্ট দিয়ে বেন-গিভর বলেছেন, আইজেনকোটের এই নিন্দা আসলে আরব দলগুলোর কাছে নতি স্বীকার করার শামিল।

আর ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের আরব দলগুলোর বৃহত্তম জোট জয়েন্ট লিস্টের প্রধান ইউসেফ জাবারিন বলেছেন, এই হামলাগুলো হলো “ক্রমবর্ধমান দখলদারিত্ব এবং সরকারের এমন এক নীতির প্রত্যক্ষ ফল, যার অধীনে ফিলিস্তিনিদের ওপর সহিংসতা দৈনন্দিন ঘটনায় পরিণত হয়েছে।”

জাতিসংঘের বিভিন্ন সংস্থা এবং বিশ্বের অধিকাংশ দেশই এই বসতি স্থাপনকে অবৈধ বলে মনে করে। এই বসতিগুলো একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের সম্ভাবনাকে আরও সুদূরপরাহত করে তুলছে—যদিও ইসরায়েল এই অবস্থানের সঙ্গে দ্বিমত পোষণ করে।

সূত্র : রয়টার্স

সংবাদটি শেয়ার করুনআপনার পছন্দের মাধ্যমে পাঠিয়ে দিন
Facebook X WhatsApp Telegram
পাঠকের মতামত

মন্তব্য করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *