বাংলাদেশ ▣ ই-পেপার
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

সাহারা মরুভূমিতে মিলল মঙ্গল গ্রহের পাথর! বয়স ৪০০ কোটি বছর

November 12, 2026 Ibrahim Khan Sadat 0 মন্তব্য 3 বার পঠিত

সেই উল্কাপিণ্ডই দিতে পারে পড়শি গ্রহের হারিয়ে যাওয়া জলের তথ্য

উল্কাপিণ্ডটির বয়স অন্তত ৪১০ কোটি বছর। মঙ্গল গ্রহ সৃষ্টি হয়েছিল আনুমানিক ৪৫০-৪৬০ কোটি বছর আগে। সে ক্ষেত্রে মঙ্গলে যখন তরল অবস্থায় জল পাওয়া যেত, সে সময়ের তথ্যও মিলতে পারে এই উল্কাপিণ্ড থেকে।

খোঁজ মিলেছিল চার বছর আগে। আফ্রিকার সাহারা মরুভূমিতে। গোলাপি রঙের এক উল্কাপিণ্ড। মঙ্গল গ্রহ থেকে ছিটকে বেরিয়ে আসা সেই প্রস্তরখণ্ড আছড়ে পড়েছিল পৃথিবীতে। কবে, তা এখনও অস্পষ্ট। তবে সাম্প্রতিক গবেষণায় দেখা গিয়েছে, এই উল্কাপিণ্ডের বয়স অন্তত ৪১০ কোটি বছর। এ যাবৎকালে মঙ্গল গ্রহের যত শিলাখণ্ড পৃথিবীতে পাওয়া গিয়েছে, তার মধ্যে এটি অন্যতম প্রাচীন। ফলে প্রায় ৪০০ কোটি বছর আগে মঙ্গল গ্রহ কেমন ছিল, সে বিষয়ে একটি ধারণা পাওয়া যেতে পারে এই উল্কাপিণ্ড থেকে। ঘটনাচক্রে, আনুমানিক ওই একই সময়ে পৃথিবীতেও প্রাণের সূচনা হয়েছিল।

আফ্রিকা মহাদেশের মালিতে ২০২২ সালে এই উল্কাপিণ্ডটি আবিষ্কার করেন একদল অভিযাত্রী। মালির লবণাক্ত সমভূমির নাম থেকে এটির নামকরণ করা হয় ‘তেঘাজ়া ০০১’। সেখানে মোট আটটি টুকরো পাওয়া যায়, যার মোট ওজন ৭৯৮.৫ গ্রাম। এর মধ্যে সবচেয়ে বড় টুকরোটিরই ওজন ৪৪২ গ্রাম। আবিষ্কারের পর থেকে ওই উল্কাপিণ্ড নিয়ে গবেষণা শুরু করেন নাসার জেট প্রপালশন ল্যাবরেটরির জ্যোতির্বিজ্ঞানী ইয়াং লিউ। গত ২৯ অক্টোবর তাঁর গবেষণাটি প্রকাশিত হয় ‘সায়েন্স’ জার্নালে।

মঙ্গল গ্রহ থেকে এর আগেও বিভিন্ন সময়ে বিভিন্ন উল্কাপিণ্ড এসে পড়েছে পৃথিবীতে। কিন্তু ‘তেঘাজ়া ০০১’-এর রাসায়নিক গঠন অন্যগুলির চেয়ে আলাদা। বিজ্ঞানীদের অনুমান, উল্কাপিণ্ডটি বিশ্লেষণ করে মঙ্গল গ্রহের আদি কাল সম্পর্কে নতুন তথ্য মিলতে পারে। গবেষকদলের প্রধান লিউয়ের কথায়, “মঙ্গলগ্রহের এই উল্কাপিণ্ডটি অত্যন্ত বিরল ও খুবই প্রাচীন। পৃথিবীতে প্রাণের আবির্ভাবের সময়ে মঙ্গল গ্রহ কেমন ছিল, তা বোঝার সুযোগ করে দেয় এটি।” বিজ্ঞানীদের ধারণা, মঙ্গল গ্রহের ম্যান্টল (গ্রহের অভ্যন্তরীণ উত্তপ্ত শিলাস্তর) থেকে বেরিয়ে আসা ম্যাগমা থেকে ওই পাথরটি তৈরি হয়েছে। তাঁরা মনে করেন, এই শিলাটি পড়শি গ্রহের এমন একটি ভূত্বক থেকে ছিটকে এসেছে, যে এলাকার নমুনা আগে কখনও বিজ্ঞানীদের হাতে আসেনি।

মঙ্গল গ্রহ থেকে এই পাথর কবে ছিটকে বেরিয়ে আসে, তা এখনও স্পষ্ট নয়। তবে প্রচলিত ধারণা অনুযায়ী, ‘তেঘাজ়া ০০১’ মঙ্গলের এমন কোনও একটি অঞ্চলে ছিল, যেখানে মাধ্যাকর্ষণ শক্তি তুলনামূলক দুর্বল। ফলে কোনও গ্রহাণু বা ধূমকেতুর প্রভাবে সেটি দুর্বল মাধ্যাকর্ষণের অঞ্চল থেকে ছিটকে মহাকাশে চলে যায়। তখন থেকে উল্কাপিণ্ডটি সূর্যের চারপাশে ঘুরতে থাকে। বিজ্ঞানীদের অনুমান, কয়েক লক্ষ বছর ধরে এ ভাবে মহাকাশে চক্কর খেয়েছে ‘তেঘাজ়া ০০১’। তার পরে আছড়ে পড়ে আমাদের পৃথিবীতে।

এই উল্কাপিণ্ড পড়শি গ্রহের আদিম কালের বিষয়ে কী কী তথ্য জানাতে পারে, তা নিয়ে কৌতূহলী বিজ্ঞানীমহলও। কারণ, আগে মঙ্গল গ্রহ যেমন ছিল, এখন তা অনেকটাই আলাদা। বর্তমানে মঙ্গল গ্রহে তরল জল নেই। রয়েছে বরফ। এখন যে গ্রহকে পৃথিবী থেকে দেখা যায়, মহাকাশযান বা কৃত্রিম উপগ্রহ পাঠিয়ে যে গ্রহের ছবি তুলে আনা হয়, তা রুক্ষ, শুষ্ক এবং তুষারাবৃত। তবে পৃথিবীর পড়শি গ্রহ মঙ্গলে যে একসময় তরল জলের অস্তিত্ব ছিল, তা ইতিমধ্যে প্রমাণিত। এবং সেই কারণেই মঙ্গলের এই পাথরের টুকরোটি এত গুরুত্বপূর্ণ বিজ্ঞানীদের কাছে। মঙ্গল গ্রহ সৃষ্টি হয়েছিল আনুমানিক ৪৫০-৪৬০ কোটি বছর আগে। অর্থাৎ, মঙ্গল গ্রহ সৃষ্টির প্রথম ৪০-৫০ কোটি বছরের মধ্যেই এই পাথরটি তৈরি হয়েছিল।

এই গবেষণাপত্র প্রকাশের পর তা নিয়ে কৌতূহলী ব্রিটেনের ইম্পেরিয়াল কলেজ লন্ডনের জ্যোতির্বিজ্ঞানের অধ্যাপক ম্যাথিউ গেঞ্জ। তাঁরও মতে, এটি নিয়ে আরও বিশদ গবেষণা চললে মঙ্গল গ্রহের প্রাথমিক পর্বের বিষয়ে ধারণা পাওয়া যেতে পারে। এটি এমন একটি সময়ের কথা তুলে ধরতে পারে, যখন মঙ্গলে জল তরল অবস্থায় থাকত।

২০২২ সালে যখন এই উল্কাপিণ্ডটি আবিষ্কার হয়— প্রথমে বোঝাই যায়নি এটি এতটা পুরনো। লিউ এবং তাঁর সহযোগীরা প্রথমে এটি নিয়ে গবেষণা না-ই করার সিদ্ধান্ত নিয়েছিলেন। তাঁরা প্রথমে উল্কাপিণ্ডটিকে ‘শেরগোটাইট’ ভেবেছিলেন। যা মঙ্গল গ্রহের উল্কাপিণ্ডগুলিতে খুবই সাধারণ। তবে শেষ পর্যন্ত এগুলি নিয়ে গবেষণার সিদ্ধান্ত নেন তিনি। তাতেই দেখা যায় ‘তেঘাজ়া ০০১’-এর মধ্যে রয়েছে জিরিকন (ফুটন্ত শিলা ঠান্ডা হয়ে তৈরি হওয়া এক ধরনের স্ফটিক)। “জিরকন একটা টাইম ক্যাপসুলের মতো। এটা আমাদের কোনও শিলার গঠনকাল নির্ভুল ভাবে বুঝতে সাহায্য করে,” বলেন লিউ।

স্ফটিকগুলি বিশ্লেষণ করে গবেষকেরা দেখেন, এগুলির বয়স অন্তত ৪১০ কোটি বছর। শুধু তা-ই নয়, ‘তেঘাজা ০০১’ উল্কাপিণ্ডটি মঙ্গলের কোন এলাকা থেকে ছিটকে গিয়ে থাকতে পারে, তা-ও বোঝার চেষ্টা করছেন বিজ্ঞানীরা। ইতিমধ্যে মঙ্গলের দক্ষিণ ভাগের উচ্চভূমিতে সম্ভাব্য ১৩টি এলাকা চিহ্নিত করেছেন তাঁরা। লিউদের অনুমান, সাহারায় পাওয়া উল্কাপিণ্ডটির উৎপত্তি হয়ে থাকতে পারে ওই ১৩টি অঞ্চলের কোনও একটি জায়গা থেকে।

সংবাদটি শেয়ার করুনআপনার পছন্দের মাধ্যমে পাঠিয়ে দিন
Facebook X WhatsApp Telegram
পাঠকের মতামত

মন্তব্য করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *