হৃদ্রোগে মৃত্যুর ৫২ শতাংশের জন্য দায়ী উচ্চ রক্তচাপ

দেশে হৃদ্রোগে মৃত্যুর বড় কারণ হয়ে উঠেছে উচ্চ রক্তচাপ। ২০২৪ সালে দেশে হৃদ্রোগে মারা গেছেন প্রায় ২ লাখ ৮৩ হাজার ৮০০ মানুষ। তাদের ৫২ শতাংশের মৃত্যুর জন্য দায়ী উচ্চ রক্তচাপ। একইসঙ্গে বাড়ছে উচ্চ রক্তচাপজনিত অসুস্থতা ও অকালমৃত্যুর ঝুঁকি। অথচ এ রোগ নিয়ন্ত্রণে সরকারি অর্থায়ন এখনও প্রয়োজনের তুলনায় অনেক কম। স্বাস্থ্য বাজেট বাড়লেও অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে বরাদ্দের ঘাটতি রয়েছে। এর প্রভাব পড়ছে প্রাথমিক স্বাস্থ্যসেবায়। কমিউনিটি ক্লিনিক ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ (এনসিডি) কর্নারগুলোতে বিনামূল্যে উচ্চ রক্তচাপের ওষুধের নিয়মিত সরবরাহ ব্যাহত হচ্ছে।
বিশেষজ্ঞরা বলছেন, বর্ধিত স্বাস্থ্য বাজেটের উল্লেখযোগ্য অংশ উচ্চ রক্তচাপসহ অন্যান্য অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ব্যয় করা গেলে এসব রোগে অকালমৃত্যুর ঝুঁকি কমানো সম্ভব। এজন্য প্রয়োজন টেকসই অর্থায়ন ও নিয়মিত ওষুধ সরবরাহ নিশ্চিত করা।
আজ বুধবার রাজধানীর বিআইপি কনফারেন্স রুমে ‘বাংলাদেশে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন: অগ্রগতি, বাধা এবং করণীয়’ শীর্ষক সাংবাদিক কর্মশালায় এসব তথ্য ও সুপারিশ তুলে ধরা হয়। গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটরের (জিএইচএআই) সহযোগিতায় গবেষণা ও অ্যাডভোকেসি প্রতিষ্ঠান প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান) এ কর্মশালার আয়োজন করে। এতে প্রিন্ট, টেলিভিশন ও অনলাইন সংবাদমাধ্যমের ২৫ জন সাংবাদিক অংশ নেন।
কর্মশালায় জানানো হয়, বাংলাদেশে প্রতিবছর বিভিন্ন অসংক্রামক রোগে প্রায় ৫ লাখ ৭০ হাজার ২৬৩ মানুষের মৃত্যু হয়। এটি দেশের মোট মৃত্যুর প্রায় ৭১ শতাংশ। এসব মৃত্যুর ১৯ শতাংশই অকালমৃত্যু।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ‘হেলথ অ্যান্ড মরবিডিটি স্ট্যাটাস সার্ভে-২০২৫’-এর তথ্য অনুযায়ী, দেশের শীর্ষ ১০টি রোগের তালিকায় প্রথম অবস্থানে রয়েছে উচ্চ রক্তচাপ।
অথচ বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী, বাংলাদেশের স্বাস্থ্য বাজেটের মাত্র ৪ দশমিক ২ শতাংশ অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ব্যয় করা হয়। পর্যাপ্ত অর্থায়নের অভাবে কমিউনিটি ক্লিনিক ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এনসিডি কর্নারগুলোতে উচ্চ রক্তচাপের বিনামূল্যের ওষুধের নিয়মিত সরবরাহ নিশ্চিত করা যাচ্ছে না। এতে দীর্ঘমেয়াদি চিকিৎসার প্রয়োজন থাকা রোগীদের চিকিৎসা ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে।
স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের মহাপরিচালক ড. মো. এনামুল হক বলেন, চলতি বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দ ৫ দশমিক ৩ শতাংশ থেকে বাড়িয়ে ৭ দশমিক ৪ শতাংশ করা হয়েছে, যা প্রশংসনীয়। এখন বর্ধিত বরাদ্দের একটি অংশ উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে বিনিয়োগ করা জরুরি।
চ্যানেল টোয়েন্টিফোরের নির্বাহী পরিচালক জহিরুল আলম বলেন, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়নের প্রয়োজনীয়তা তুলে ধরে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত প্রচারণা চালিয়ে যেতে হবে। জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি এ বিষয়ে নীতিনির্ধারকদের দৃষ্টি আকর্ষণ করাও জরুরি।
কর্মশালায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জিএইচএআইয়ের অ্যাসোসিয়েট ডিরেক্টর (নন-কমিউনিকেবল ডিজিজেস) এজিনে এজেকোয়েম ও বাংলাদেশ কান্ট্রি লিড মুহাম্মাদ রূহুল কুদ্দুস; অ্যান্টি টোব্যাকো মিডিয়া অ্যালায়েন্স—আত্মার কনভেনর মর্তুজা হায়দার লিটন এবং প্রজ্ঞার নির্বাহী পরিচালক এবিএম জুবায়ের। বিষয়ভিত্তিক উপস্থাপনা তুলে ধরেন প্রজ্ঞার কর্মসূচি প্রধান হাসান শাহরিয়ার ও প্রোগ্রাম অফিসার সামিহা।
মন্তব্য করুন