ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ ও সদর উপজেলা এলাকায় সংঘটিত একাধিক সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত চারটি পরিবারের মধ্যে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিআরটিএ ট্রাষ্টি বোর্ড কর্তৃক এই অনুদান প্রদান করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট এহসান মুরাদ। এসময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া বিআরটিএ এর মোটরযান পরিদর্শক মোঃ সেলিম হাসান ও সহকারী মোটরযান পরিদর্শক ফাতেমা আক্তার প্রিয়া।
ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষে আর্থিক অনুদান গ্রহণ করেন নিহত সহিদুর রহমানের পক্ষে তার স্ত্রী ঝরণা আক্তার, নিহত মোঃ নান্নু মিয়ার পক্ষে তার স্ত্রী জাহানারা বেগম, নিহত মোঃ শিরু মিয়া র পক্ষে তার স্ত্রী মালেহা বেগম,নিহত উমেদা বেগম এর পক্ষে তার মেয়ে আছমা বেগম। প্রত্যেকেই পাঁচ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ পেয়েছেন।
এসময় বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট এহসান মুরাদ ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সমবেদনা জানান এবং বলেন যাদের পরিবারের সদস্য হারিয়েছে তা পূরণ করা সম্ভব নয় তবে সরকার চেষ্টা করছে যেন নিহতদের পরিবারের পাশে থাকতে পারে। তিনি আরো বলেন আমাদের সবাইকে রাস্তায় চলাচলের সময় সতর্কতা অবলম্বন করতে হবে। একবারে ঘরে না ফেরার চেয়ে ধীরে সুস্থে ঘরে ফিরতে হবে। রাস্তায় চলাচলের সময় যাত্রী এবং চালক,পথচারীদের মোবাইল ফোন ব্যবহার থেকে বিরত থাকতে হবে, ট্রাফিক আইন মেনে চলতে হবে।
