ইতিহাসে প্রথমবারের মতো নেতৃত্বহীন হওয়ার শঙ্কায় জাতিসংঘ

বিশ্ব যখন যুদ্ধ, অর্থনৈতিক সংকট ও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) লড়াইয়ে লিপ্ত তখন জাতিসংঘেও বিভাজন চলছে। সংস্থাটির সামনে এখন নেতৃত্বহীন এক নতুন অধ্যায়ের আশঙ্কা।
আগামী ৩১ ডিসেম্বর বর্তমান মহাসচিব আন্তোনিও গুতেরেসের মেয়াদ শেষ হবে। বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, তখনও হয়তো উত্তরসূরি নিয়োগ দেওয়া সম্ভব হবে না। তেমনটা হলে সংস্থাটির ইতিহাসে নতুন নজির স্থাপন হবে। জাতিসংঘকে নেতৃত্বহীন অবস্থায় রেখে বিদায় দিতে হবে গুতেরেসকে।
বর্তমানে নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ের সেন্টার অন ইন্টারন্যাশনাল কো-অপারেশনে গবেষক হিসেবে কাজ করছেন থিবো কামেলি। তিনি জাতিসংঘের সাবেক কূটনীতিক। কামেলি বলেন, নেতৃত্বহীন পরিস্থিতি তৈরির আশঙ্কাটি বাস্তব বলে মনে হচ্ছে। তবে শেষ মুহূর্তে সমঝোতা হলেও হতে পারে।
গুতেরেসের উত্তরসূরি বেছে নেওয়ার দায়িত্ব নিরাপত্তা পরিষদের। গত জুলাই মাস থেকে পরিষদ গোপন নির্বাচন প্রক্রিয়ার অংশ হিসেবে নয় দফায় ‘স্ট্র পোল’ বা প্রাথমিক ভোটাভুটির আয়োজন করেছে। এর মধ্যে আট দফাতেই প্রথম হয়েছেন কোস্টারিকার সাবেক ভাইস প্রেসিডেন্ট রেবেকা গ্রিনস্প্যান। তিনি জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়নবিষয়ক সংস্থার (আঙ্কটাড) সাবেক প্রধান।
তবে রেবেকার নিয়োগ এখনো নিশ্চিত নয়। তিনিসহ অন্য সব প্রার্থীর বিষয়েই নেতিবাচক মনোভাব দেখিয়েছে পরিষদের স্থায়ী সদস্য দেশগুলো। এই সদস্যদের যেকোনো একটি দেশ রেবেকার নিয়োগে ভেটো দিতে পারে।
ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের ড্যানিয়েল ফোর্তি বলেন, নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের মধ্যে বিভক্তি চলছে। বিশেষ করে চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে। তারাই মহাসচিব নির্বাচনের অনিশ্চিত পরিস্থিতির জন্য দায়ী।
‘রাজনৈতিক চাপ’
ড্যানিয়েল ফোর্তি বলেন, সুদান, গাজা ও ইউক্রেনের সংঘাত নিরসনে জাতিসংঘ বিভিন্ন উদ্যোগ নিয়েছে। কিন্তু পরাশক্তিরা সেগুলোর বিষয়ে একমত হতে পারছে না। সংস্থাটির নতুন নেতা নিয়োগের ক্ষেত্রেও একই পরিস্থিতি দেখা যাচ্ছে।
জাতিসংঘ মূলত বহুপক্ষীয় সহযোগিতার আদর্শ ধারণ করে। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ‘আমেরিকা ফার্স্ট’ নীতি অনুসরণ করছে। যা জাতিসংঘের মূল আদর্শের সঙ্গে সাংঘর্ষিক।
সংস্থাটিতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক ওয়াল্টজ এর আগে বলেছিলেন, ‘এখানে (জাতিসংঘ) সংস্কার প্রয়োজন। অনেকটা ঘর পরিষ্কারের মতো সংস্কার দরকার। তাহলেই সংস্থাটি আরও কার্যকর হবে।’
নিরাপত্তা পরিষদের অন্য স্থায়ী সদস্য দেশের দূতদের তুলনায় মাইক ওয়াল্টজ সংস্কারের বিষয়ে অনেক বেশি সরব। তিনি বলেন, ‘জাতিসংঘকে আমলাতান্ত্রিক বানানো যাবে না।’
বারাক ওবামা প্রশাসনের সময় যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ছিলেন এস্থার ব্রিমার। তিনি বলেন, ওয়াশিংটনের সংস্কার সংক্রান্ত মনোভাবের বিপরীতে অবস্থান করছেন রেবেকা গ্রিনস্প্যান। তিনি সংস্থাটির একেবারে ভেতরের একজন মানুষ।
সেন্টার অন ইন্টারন্যাশনাল কো-অপারেশনের গবেষক কামেলিও একই রকম মত দিয়েছেন। তিনি জানান, ওয়াশিংটন রেবেকার বিরোধী- এমন ধারণা ব্যাপকভাবে প্রচলিত। মস্কোও তাঁর বিরোধিতা করছে বলে ধারণা করা হচ্ছে।
মহাসচিব হওয়ার নির্বাচনী দৌড়ে আছেন সংযুক্ত আরব আমিরাতের লানা নুসেইবেহ। তিনি ওয়াশিংটনের সম্ভাব্য পছন্দের প্রার্থী। তবে এখনো জোরদার সমর্থন পাননি। কারণ, আরও প্রার্থী এই দৌড়ে যোগ দিতে পারেন।
ড্যানিয়েল ফোর্তি বলেন, ঐকমত্যের অভাবের পাশাপাশি সংস্থাটির ওপর রাজনৈতিক ও আর্থিক চাপ আছে। ফলে মহাসচিবের পদটি আগের বছরগুলোর তুলনায় আকর্ষণ হারিয়েছে।
তবে একটি বিষয়ে অনেক দেশ একমত হয়েছে। সেটি হলো- জাতিসংঘের ৮১ বছরের ইতিহাসে প্রথম নারী মহাসচিব নিয়োগ দেওয়া প্রয়োজন।
ফোর্তি বলেন, পরিষদের স্থায়ী সদস্যরা নিজেদের মধ্যে নির্বাচনী প্রক্রিয়া নিয়ে আলোচনা শুরু করেছেন। এটি ইঙ্গিত দেয়, তারা রাজনৈতিক চাপ অনুভব করতে শুরু করেছেন।



মন্তব্য করুন