বাংলাদেশ ▣ ই-পেপার
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

লগি-বইঠা-রামদা হাতে গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের মিছিল, ভাঙচুর

November 15, 2026 Ibrahim Khan Sadat 0 মন্তব্য 37 বার পঠিত

গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা লগি-বইঠা ও দেশীয় অস্ত্র হাতে নিয়ে বিক্ষোভ মিছিল ও ভাঙচুর করেছেন। রোববার (১৫ নভেম্বর) বেলা ১১টা থেকে জেলার বিভিন্ন এলাকা থেকে মোটরসাইকেল, ভ্যান ও ট্রাকে করে নেতাকর্মীরা শহরের দিকে আসতে থাকেন। তারা শহরের শিশু পার্ক ও বিসিক এলাকায় জড়ো হন।

পরে দুপুর ১২টার দিকে বিসিক ব্রিজ এলাকা থেকে মিছিল বের হয়। মিছিলটি লঞ্চঘাট, মহিলা কলেজ ও শিল্পকলা একাডেমি এলাকা অতিক্রম করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে নেতাকর্মীদের লগি-বইঠা, রামদা, লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র বহন করতে দেখা যায়।

এ সময় পুলিশের ব্যারিকেড ভেঙে মিছিলকারীরা সামনে এগিয়ে যান। তারা দলের পক্ষে বিভিন্ন স্লোগান দেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, গোপালগঞ্জ লঞ্চঘাট এলাকায় পুলিশের একটি সাঁজোয়া যানে লাল রঙের স্প্রে দিয়ে ‘জয় বাংলা’ লিখে দেন মিছিলকারীরা। পরে গোপালগঞ্জ সরকারি কলেজের প্রধান ফটকের নামফলক ভেঙে সেখানে ‘সরকারি বঙ্গবন্ধু কলেজ’ লেখা একটি ব্যানার টাঙিয়ে দেন তারা। একইভাবে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘হাদি চত্বর’-এর নামফলক সরিয়ে সেখানে ‘মুক্তিযুদ্ধ চত্বর’ লেখা হয়। এরপর পুরোনো লঞ্চঘাট, সরকারি কলেজ ও প্রেসক্লাবের সামনের সড়ক অবরোধের চেষ্টা করেন তারা। সেখানে যান চলাচল স্বাভাবিক করতে তৎপর হয় পুলিশ। লঞ্চঘাট এলাকায় প্রায় ৪০ মিনিট যান চলাচল বন্ধ ছিল।

এ ঘটনাকে কেন্দ্র করে জেলা শহরে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়। লঞ্চঘাট, বাজারসহ গুরুত্বপূর্ণ এলাকায় পুলিশের পাশাপাশি বিজিবি, এসআরবি ও এপিবিএনের সদস্যদের মোতায়েন করা হয়। মিছিলকে কেন্দ্র করে আতঙ্কে শহরের বিভিন্ন এলাকায় অনেক মানুষ দোকানপাট বন্ধ করে সরে যান।

জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান সাংবাদিকদের জানান, জেলার সার্বিক পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। জনসাধারণের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে নিয়মিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি ৬ প্লাটুন বিজিবি মাঠে রয়েছে।

সংবাদটি শেয়ার করুনআপনার পছন্দের মাধ্যমে পাঠিয়ে দিন
Facebook X WhatsApp Telegram
পাঠকের মতামত

মন্তব্য করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *