বাংলাদেশ ▣ ই-পেপার
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

রাসপূর্ণিমার পূজায় যেতে বন বিভাগের পাঁচ রুট

November 15, 2026 Ibrahim Khan Sadat 0 মন্তব্য 41 বার পঠিত

রাসপূর্ণিমা উপলক্ষে আগামী ২২ থেকে ২৪ নভেম্বর তিন দিনব্যাপী সুন্দরবনের দুবলারচরে সনাতন ধর্মাবলম্বীদের অংশগ্রহণে ঐতিহ্যবাহী ‘রাসপূর্ণিমা পূজা ও পুণ্যস্নান’ অনুষ্ঠিত হবে।

পুণ্যস্নানে নিরাপদে যাতায়াতের জন্য দর্শনার্থী ও তীর্থযাত্রীদের পাঁচটি পথ নির্ধারণ করেছে সুন্দরবন পশ্চিম বন বিভাগ।

পূজা ও পুণ্যস্নানে অংশ নিতে আগত তীর্থযাত্রীদের বিভিন্ন নদীপথে লঞ্চ, ট্রলার, স্পিডবোট ও দেশি নৌকাযোগে দুবলারচরে যেতে হবে। সুন্দরবনের বনজ সম্পদ ও বন্যপ্রাণী সংরক্ষণের পাশাপাশি তীর্থযাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে এসব পথ নির্ধারণ করা হয়েছে।

যাতায়াতের পথে বন বিভাগ, বিজিবি ও কোস্টগার্ডের টহল দল তীর্থযাত্রী ও দর্শনার্থীদের জানমালের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবে।

অনুমোদিত পাঁচটি পথের প্রথমটি হলো—বুড়িগোয়ালিনী, কোবাদক থেকে বাটুলানদী-বলনদী-পাটকোষ্টা খাল হয়ে হংসরাজ নদী দিয়ে দুবলার চর।

দ্বিতীয় পথ কয়রা, কাশিয়াবাদ, খাসিটানা, বজবজা হয়ে আড়ুয়া শিবসা, অতঃপর শিবসা নদী-মরজাত হয়ে দুবলার চর। তৃতীয় পথ নলিয়ান স্টেশন হয়ে শিবসা-মরজাত নদী দিয়ে দুবলার চর।

চতুর্থ পথ ঢাংমারী অথবা চাঁদপাই স্টেশন-তিনকোনা দ্বীপ বরাবর পশুর নদী হয়ে দুবলার চর। পঞ্চম পথ বগী-বলেশ্বর-সুপতি-কচিখালী-শেলারচর হয়ে সুন্দরবনের বাইরে দিয়ে দুবলার চর।

রাসপূর্ণিমার পুণ্যস্নানে অংশ নিতে দর্শনার্থী ও তীর্থযাত্রীদের ২২ থেকে ২৪ নভেম্বর তিন দিনের জন্য অনুমতি দেওয়া হবে। প্রবেশের সময় এন্ট্রি পয়েন্টে লঞ্চ, ট্রলার ও নৌকার প্রবেশ ফি, অবস্থান ফি এবং লোকসংখ্যা অনুযায়ী বিধি মোতাবেক রাজস্ব আদায় করে পাস দেওয়া হবে। এ জন্য জাতীয় পরিচয়পত্রের কপিসহ আবেদন করতে হবে। প্রতিটি অনুমতিপত্রে সিল দিয়ে পথ বা রুট উল্লেখ করা হবে। তীর্থযাত্রী ও দর্শনার্থীরা পছন্দমতো একটি রুট ব্যবহার করতে পারবেন।

২২ নভেম্বর দিনের ভাটায় যাত্রা শুরু করতে হবে। রাসপূর্ণিমার পুণ্যস্নানের উদ্দেশ্যে নৌযান নির্ধারিত রুটে শুধু দিনের বেলায় চলাচল করতে পারবে। বন বিভাগের চেকিং পয়েন্ট ছাড়া অন্য কোথাও লঞ্চ, ট্রলার ও নৌকা থামানো যাবে না। ট্রলারে প্রয়োজনীয় সংখ্যক লাইফ জ্যাকেট বা বয়া রাখতে হবে।

প্রতিটি জলযানের গায়ে রং বা স্টিকার দিয়ে বিএলসি/সিরিয়াল নম্বর এবং তীর্থযাত্রী বা পুণ্যার্থীর সংখ্যা উল্লেখ করতে হবে। সুন্দরবনে প্রবেশের সময় প্রত্যেক তীর্থযাত্রী বা পুণ্যার্থীকে একটি করে টিকিট বা টোকেন দেওয়া হবে। সুন্দরবনের ভেতরে অবস্থানকালে টোকেন বা টিকিট সব সময় সঙ্গে রাখতে হবে। প্রতিটি লঞ্চ, নৌকা ও ট্রলারকে আলোরকোলে স্থাপিত কন্ট্রোল রুমে অবশ্যই রিপোর্ট করতে হবে। এর ব্যত্যয় ঘটলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

রাসপূর্ণিমার পুণ্যস্নানের সময় কোনো বিস্ফোরকদ্রব্য বা আগ্নেয়াস্ত্র ব্যবহার ও বহন করা যাবে না। কারও কাছে আগ্নেয়াস্ত্র, বিস্ফোরকদ্রব্য, হরিণ শিকারের ফাঁদ, দড়ি, গাছ কাটার কুড়াল, করাতসহ অবৈধ কোনো কিছু পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

কোনো অবস্থাতেই সিঙ্গেল ইউজ প্লাস্টিক—যেমন প্লাস্টিকের প্লেট, পানির বোতল, গ্লাস বা চামচ বহন করা যাবে না। লঞ্চ, ট্রলার, নৌকা ও পুণ্যস্নানস্থলে মাইক বাজানো, পটকা ও বাজি ফোটানোসহ সব ধরনের শব্দদূষণ নিষিদ্ধ। রাসপূর্ণিমায় আগত পুণ্যার্থীদের সুন্দরবনে প্রবেশের সময় জাতীয় পরিচয়পত্র অথবা ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানের কাছ থেকে পাওয়া সনদপত্রের মূল কপি সঙ্গে রাখতে হবে।

আসন্ন রাসপূর্ণিমার পুণ্যস্নানে আগত তীর্থযাত্রীদের সংশ্লিষ্ট ফরেস্ট স্টেশনে প্রচলিত হারে রাজস্ব পরিশোধ করে উল্লিখিত পথের নির্দেশনা মেনে চলার অনুরোধ জানিয়েছে সুন্দরবন পশ্চিম বন বিভাগ। পশ্চিম বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এ জেড এম হাছানুর রহমান এসব তথ্য জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুনআপনার পছন্দের মাধ্যমে পাঠিয়ে দিন
Facebook X WhatsApp Telegram
পাঠকের মতামত

মন্তব্য করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *