‘রাষ্ট্রাচার ভেঙে’ প্রধানমন্ত্রীর কাছে যাওয়ার চেষ্টা, রাজশাহীর বিভাগীয় কমিশনারকে প্রত্যাহার

রাজশাহী বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) ইউসুফ আলীকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। মঙ্গলবার তাঁকে তাৎক্ষণিকভাবে সেখান থেকে অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) করা হয়।
আদেশ জারির পর তিনি রাজশাহী ছাড়েন। ইউসুফ আলী অতিরিক্ত সচিব পদমর্যাদায় রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তার পরিবর্তে ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে রেজাউল আলম সরকারকে।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় রাজশাহী সফর শেষে শাহ মখদুম বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। সামরিক বিমানে চট্টগ্রামের উদ্দেশে রওনা হওয়ার আগে তিনি রাজনৈতিক নেতাকর্মী ও প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে হাত মেলান। এ সময় বিভাগীয় কমিশনার ইউসুফ আলী প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মেলানোর পর প্রটোকল ভেঙে ঝুঁকে তাঁর দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন। এর পরপরই ইউসুফ আলীকে বদলি করা হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, বিমানবন্দরে বিদায় জানানোর সময় বিভাগীয় কমিশনার ইউসুফ আলী হাত মেলানোর সময় প্রধানমন্ত্রীর দিকে ঝুঁকে কিছুটা এগিয়ে যান। দেখে মনে হচ্ছে, তিনি প্রটোকলের (রাষ্ট্রাচার) সারি ভেঙে প্রধানমন্ত্রীর কাছে যাওয়ার চেষ্টা করছিলেন। রাষ্ট্রাচার ভেঙে তিনি এমনটি করেছেন বলে আলোচনা চলছে।
শারদীয় দুর্গোৎসবের মহানবমী উপলক্ষে ঢাকার বাইরে পূজামণ্ডপ পরিদর্শনে বের হন প্রধানমন্ত্রী। এর অংশ হিসেবে মঙ্গলবার সকাল পৌনে ৯টায় তিনি ঢাকার তেজগাঁও বিমানবন্দর থেকে সামরিক বিমানে রংপুরের উদ্দেশে রওনা হন। পরে সেখান থেকে রাজশাহীতে যান। রাজশাহীর কর্মসূচি শেষে রাতে চট্টগ্রামের উদ্দেশে রওনা হন তিনি।



মন্তব্য করুন