সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে টাইগাররা- বিশ্বকাপে চোখ রেখে ত্রিদেশীয় সিরিজে নামছে বাংলাদেশ

আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে লড়বে বাংলাদেশ ক্রিকেট দল। আগামী বছরের ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতি এই সিরিজ দিয়ে শুরু হচ্ছে টাইগারদের।
ট্রাইনেশন সিরিজের উদ্বোধনী ম্যাচে আজ জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টায়।
২০২৫ সালের অক্টোবর থেকে চলতি বছরের জুন পর্যন্ত চারটি দ্বিপাক্ষিক সিরিজ জিতেছে বাংলাদেশ। এই সিরিজগুলো জয়ে র্যাংকিংয়ে শীর্ষ আট দলের মধ্যে থাকার সুবাদে ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করে টাইগাররা।
আগামী বিশ্বকাপে সরাসরি খেলা নিশ্চিত হয়ে যাওয়ায় এবার বিশ্বকাপের প্রস্তুতি শুরুর পালা বাংলাদেশের। ত্রিদেশীয় সিরিজ দিয়ে এ প্রস্তুতি শুরু করবে টাইগাররা।
এখন পর্যন্ত ছয়বার ত্রিদেশীয় সিরিজ খেলে স্রেফ একটিতে শিরোপা জিতেছে বাংলাদেশ। ২০১৯ সালে ওয়েস্ট ইন্ডিজ ও আয়ারল্যান্ডের বিপক্ষে খেলা ওই সিরিজই কেবল তিনজাতি সিরিজে তাদের সান্ত্বনা। এর বাইরে ২০১৮ নিদহাস ট্রফির ফাইনালে উঠলেও ভারতের কাছে হেরে টাইগাররা রানার্সআপ হয়েছিল। সবমিলিয়ে ত্রিদেশীয় সিরিজের পরিসংখ্যান বাংলাদেশের পক্ষে নয়। সেই প্রসঙ্গ এলো অধিনায়ক লিটন দাসের সামনে।
তিনজাতি লড়াইয়ে খারাপ রেকর্ডের কারণ প্রসঙ্গে লিটন বলেন, ‘আমার কাছে মনে হয় কোনো কারণ নাই, আমরা খুব কম ত্রিদেশীয় সিরিজ খেলি। আমি অনেক দিন ধরে খেললেও ত্রিদেশীয় সিরিজ খেলার অভিজ্ঞতা খুব কম। আমরা বড় বড় টুর্নামেন্ট এশিয়া কাপ, বিশ্বকাপ এসবে খেলি, কিন্তু ত্রিদেশীয় সিরিজ সেভাবে খেলা হয় না। ত্রিদেশীয় সিরিজে বাড়তি একটা চাপ থাকে।’
তিনি আরও বলেন, ‘৩ দলের উপরই (চাপ) থাকে– ফাইনালে উঠতে হবে। আমার মনে হয় সেখানে বাড়তি চাপ আসে। (দ্বিপাক্ষিক) সিরিজে আসলে সেভাবে চাপ থাকে না, এক ম্যাচ হারলেও সুযোগ থাকে। তবে ত্রিদেশীয় সিরিজে হেরে গেলে চাপ থাকে, রান রেটের ব্যাপার থাকে। আমাদের ছেলেরা এখন ভালো ক্রিকেট খেলছে। গত কিছু সিরিজে ভালো খেলেছি। ম্যাচুরিটি লেভেলও ভালো আছে। আশা করছি আমরা এখানে ভালো ক্রিকেট খেলব।’
এদিকে, ত্রিদেশীয় সিরিজে ভালো করার কথা জানিয়েছেন বাংলাদেশের মিডল অর্ডার ব্যাটার মোসাদ্দেক হোসেন। সম্প্রতি আবুধাবিতে বাংলাদেশের অনুশীলন শেষে সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘ত্রিদেশীয় সিরিজটি জিততে পারলে বিশ্বকাপ, এশিয়া কাপে অনেক আত্মবিশ্বাস পাবো। অবশ্যই, সর্বপ্রথম লক্ষ্য থাকবে চ্যাম্পিয়ন হওয়া। এর আগে আমাদের দুটা ম্যাচ খেলতে হবে। দুটা ম্যাচই আমাদের জিততে হবে।’
২০১৯ সালের ঐ সিরিজের শিরোপা থেকে অনুপ্রেরণা খুঁজছেন মোসাদ্দেক। তিনি বলেন, ‘২০১৯ সালের ত্রিদেশীয় সিরিজ আমাদের অনুপ্রেরণা। এবারও ভালো করতে আমরা মুখিয়ে আছি। এবারের ত্রিদেশীয় সিরিজে ভালো করতে পারলে আমরা দল হিসেবে আরও আত্মবিশ্বাসী হয়ে উঠব।’
বাংলাদেশ স্কোয়াড : লিটন দাস (অধিনায়ক), তাওহিদ হৃদয় (সহ-অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ, কাজী নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম ও আলিস আল ইসলাম।
ত্রিদেশীয় সিরিজের সূচি
১৭ অক্টোবর : বাংলাদেশ-জিম্বাবুয়ে, আবুধাবি
১৯ অক্টোবর : আফগানিস্তান-জিম্বাবুয়ে, আবুধাবি
২১ অক্টোবর : আফগানিস্তান-বাংলাদেশ, শারজাহ
২৩ অক্টোবর: ফাইনাল, শারজাহ



মন্তব্য করুন