হোপকে ছাড়াই ঢাকা আসছে উইন্ডিজ

হাতে বাকি থাকা দুটি টেস্ট জিতলেও আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার কোনো সুযোগ নেই ওয়েস্ট ইন্ডিজের। এরই মধ্যে ২০২৫-২৭ চক্রের ১২টি টেস্ট খেলে ক্যারিবীয়দের জয় মাত্র দুটিতে। তাই বাংলাদেশের বিপক্ষে দুই টেস্টের সিরিজটি তাদের কাছে একরকম মুখ রক্ষার লড়াই। আর সেই সিরিজটিতেই বিশ্রাম দেওয়া হয়েছে দারুণ ফর্মে থাকা শাই হোপকে। সেই সঙ্গে পেসার আলজারি জোসেফকেও তাঁর ওয়ার্ক লোডের কথা চিন্তা করে বাংলাদেশ সফরের বাইরে রাখা হয়েছে।
গতকাল বাংলাদেশ সফরের জন্য ওয়েস্ট ইন্ডিজের ঘোষিত স্কোয়াডে নতুন মুখ বছর তেইশের ব্যাটার কেভিন উইকহাম। রোস্টন চেজের অধিনায়কত্বে সিরিজ জয়ের লক্ষ্যের কথা জানিয়েছেন দলটির কোচ ড্যারেন স্যামি। ‘এই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের শুরুতে আমরা নিজেদের কিছু লক্ষ্য স্থির করেছিলাম, যার মধ্যে একটি ছিল র্যাঙ্কিংয়ের প্রথমার্ধের মধ্যে শেষ করা। এই সিরিজটি জিতলে আমরা সেই লক্ষ্যের আরও কাছাকাছি পৌঁছাতে পারব। বাংলাদেশের কন্ডিশনে তাদের বিপক্ষে খেলা বেশ চ্যালেঞ্জিং হবে এবং আমরা তার জন্য প্রস্তুত।’ ভারতে টি২০ সিরিজ শেষ করে এই রোববার ঢাকায় আসবে ওয়েস্ট ইন্ডিজ দল। বসুন্ধরার মাঠে ২২ অক্টোবর থেকে তিন দিনের একটা প্রস্তুতি ম্যাচ খেলবে তারা। এরপর মিরপুরে প্রথম টেস্ট শুরু হবে ২৮ অক্টোবর; সিলেটে দ্বিতীয় টেস্টে দুই দল মুখোমুখি হবে ৫ নভেম্বর থেকে।
ওয়েস্ট ইন্ডিজের চেয়ে এই সিরিজটি বাংলাদেশের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ। টেস্ট চ্যাম্পিয়নশিপে এখন পর্যন্ত ছয়টি ম্যাচ খেলে তিনটি জয় আর একটি ড্র নিয়ে তালিকার চার নম্বরে রয়েছে শান্তরা। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ আর ইংল্যান্ডের বিপক্ষে দুটি করে টেস্টের সিরিজ রয়েছে। এই চারটি টেস্ট জিততে পারলে ফাইনাল খেলার বড় সম্ভাবনা রয়েছে বাংলাদেশের। এর বাইরে দক্ষিণ আফ্রিকার মাটিতে দুটি টেস্ট খেলার সূচি আছে লিটনদের। এই ছয়টি টেস্টের প্রস্তুতি হিসেবেই আফগানিস্তানের বিপক্ষে মুশফিকুর রহিম, মুমিনুলদের মতো নিয়মিত সদস্যদের রাখা হয়েছিল। জয়ের ধারায় ফিরতে চেয়েছিল বাংলাদেশ দল। কিন্তু আবুধাবি টেস্ট ড্র করায় দলের ফিল্ডিং দুর্বলতা ফুটে উঠেছে।
যদিও এই টেস্টে সেঞ্চুরি করার পর টেস্ট ব্যাটারদের র্যাঙ্কিংয়ে লিটন দাসের তিন ধাপ উন্নতি হয়েছে। এখন তাঁর অবস্থান ২৯তম। তবে এক ধাপ করে পিছিয়েছেন নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম। শান্ত আছেন ২১ নম্বরে ও মুশফিক ১৮ নম্বরে। ১০ ধাপ এগিয়ে ৯২তম স্থানে জায়গা করে নিয়েছেন তানজিদ তামিম। বোলিংয়ে সাত ধাপ এগিয়ে পেসার হাসান মাহমুদ অবস্থান করছেন ৩৮ নম্বরে।
বাংলাদেশি ক্রিকেটারদের সাম্প্রতিক এই ফর্ম স্বীকার করেই ওয়েস্ট ইন্ডিজের কোচ ড্যারেন স্যামি জানিয়েছেন, তাঁর দল সিরিজ জিততে প্রস্তুত। যেখানে তাঁর স্কোয়াডে পেস বোলিং ইউনিটে কেমার রোচ, জয়ডেন সিলস ও শামার জোসেফ ছাড়াও সিম-বোলিং অলরাউন্ডার পল ও জাস্টিন গ্রিভস রয়েছেন। স্পিন আক্রমণে দুই বিশেষজ্ঞ বিকল্প হিসেবে জোমেল ওয়ারিকান ও জোশুয়া বিশপের সঙ্গে অলরাউন্ডার হিসেবে কাভেম হজ ও অধিনায়ক রোস্টন চেজ রয়েছেন।
ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াড: রোস্টন চেজ (অধিনায়ক), জোমেল ওয়ারিকান (সহ-অধিনায়ক), জোশুয়া বিশপ, জন ক্যাম্পবেল, টেজনারায়ণ চন্দরপল, জোশুয়া ডা সিলভা (উইকেটরক্ষক), জাস্টিন গ্রিভস, কাভেম হজ, আমির জাঙ্গু (উইকেটরক্ষক), শামার জোসেফ, ব্র্যান্ডন কিং, কেমো পল, কেমার রোচ, জয়ডেন সিলস ও কেভিন উইকহাম



মন্তব্য করুন